কালীঘাটে পুজো দিয়ে-জয় শ্রী রাম স্লোগানে ৭ বছরের নিষেধাজ্ঞা ঘোচালেন নাজিয়া ইলাহী

nazia-elahi-khan-kalighat-temple-statement

কলকাতা: বিজেপির জয়ের পর প্রথমবার কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেত্রী নাজিয়া ইলাহী খান (Nazia Elahi)। মঙ্গলবার কালীঘাটের কালী মন্দিরে পুজো দেওয়ার পর সংবাদমাধ্যমের সামনে দাঁড়িয়ে তিনি দাবি করেন, গত কয়েক বছর ধরে তাঁকে পরিকল্পিতভাবে কালীঘাটে আসতে বাধা দেওয়া হত। এমনকি কালীঘাট থানাকে আগে থেকে জানালেও তাঁর যাতায়াতের খবর ফাঁস করে দেওয়া হত বলেও অভিযোগ করেন তিনি। তাঁর বক্তব্য ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে নজিয়া এলাহী খান বলেন, “প্রথমেই জয় মা কালী, জয় শ্রী রাম। আজ আমি খুব আবেগপ্রবণ। ২০১৯ সাল থেকে আমি চেষ্টা করছিলাম মা কালীর পায়ে মাথা ঠেকাতে। কিন্তু প্রতিবারই বাধা এসেছে। কালীঘাট থানায় জানালে সেই খবর বাইরে পৌঁছে যেত এবং আমাকে হুমকির ফোন আসত।” তাঁর অভিযোগ, একজন মুসলিম নারী হয়ে মা কালীর ভক্ত হওয়াটাই কিছু মানুষের কাছে সমস্যা ছিল।

   

আরও দেখুনঃ রহস্যজনক মৃত্যু মেজর সৈয়দ মুহাম্মদ আলী বুখারির! পাক সেনাবাহিনীর অন্তর্দ্বন্দ্ব ফাঁস

তিনি আরও দাবি করেন, “আমি এই বাংলাতেই বড় হয়েছি, এখানে পড়াশোনা করেছি। অথচ জীবনে এই প্রথম কালীঘাটে এসে শান্তিতে পুজো দিতে পারলাম। কেন? কারণ কিছু বাংলাদেশি মুসলিম ক্ষুব্ধ হতেন যে একজন মুসলিম মেয়ে কীভাবে মা কালীর ভক্ত হতে পারে।” এই বক্তব্যের পরই রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়ে ওঠে।

নজিয়ার অভিযোগের তির ছিল সরাসরি তৃণমূলের দিকে দিকে। তাঁর দাবি, তৃণমূল কংগ্রেসের আমলে একটি “ষড়যন্ত্রমূলক পরিবেশ” তৈরি করা হয়েছিল যাতে তিনি প্রকাশ্যে হিন্দু ধর্মীয় আচার পালন করতে না পারেন। যদিও এই অভিযোগের জবাবে এখনও পর্যন্ত তৃণমূলের তরফে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নজিয়া এলাহী খানের এই মন্তব্য শুধুমাত্র ধর্মীয় অনুভূতির বিষয় নয়, বরং বাংলার বর্তমান রাজনৈতিক আবহের সঙ্গেও গভীরভাবে যুক্ত। বিজেপি দীর্ঘদিন ধরেই অভিযোগ করে এসেছে যে রাজ্যে “তুষ্টিকরণের রাজনীতি” হয়েছে। অন্যদিকে তৃণমূল বারবার দাবি করেছে, তারা সব ধর্মের মানুষকে সমান গুরুত্ব দেয়।

নজিয়া এলাহী খান বরাবরই বিতর্কিত ও স্পষ্টভাষী নেত্রী হিসেবে পরিচিত। বিভিন্ন সময় তিনি ধর্মীয় পরিচয়, নারী অধিকার এবং রাজনৈতিক হিংসা নিয়ে সরব হয়েছেন। তবে এবার কালীঘাট মন্দিরে তাঁর এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ তা সরাসরি ধর্মীয় স্বাধীনতা ও রাজনৈতিক প্রভাবের প্রশ্ন তুলেছে। মন্দিরে পুজো দেওয়ার সময় বিজেপির একাধিক কর্মী-সমর্থকও উপস্থিত ছিলেন। সেখানে “জয় শ্রী রাম” স্লোগান শোনা যায়। নজিয়া নিজেও প্রকাশ্যে সেই স্লোগান দেন। তিনি দাবি করেন, এখন তিনি ভয় ছাড়াই নিজের ধর্মীয় বিশ্বাস প্রকাশ করতে পারছেন।