কলকাতা: পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকের জনসভা নিয়ে (Modi Brigade)। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি জোরালো প্রচার চালাচ্ছে, আজ সেই নির্বাচনী প্রচারের অঙ্গ হিসেবে বঙ্গ সফরে প্রধানমন্ত্রী। ব্রিগেড প্যারেড ময়দানে হবে এই সভা। সম্প্রতি একটি জনসভায় মোদী তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন, রাজ্যের উন্নয়ন আটকে রাখা, দুর্নীতি, সন্ত্রাসের অভিযোগ তোলেন।
রাজ্যের অর্থ ও স্বাস্থ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজকের এই সভা নিয়ে সরব হয়েছেন। তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী সবসময় এটাই করে থাকেন। যেখানেই রাজনৈতিক কর্মসূচি করেন, তার পাশে সরকারি কর্মসূচি রাখেন। তিনি প্রশ্ন করেন এটা কি আইনসম্মত ? কেন্দ্রীয় সরকার নিজেকে কী ভাবে? দল আর সরকার তো একই নৌকায় চড়ে আছে। আইন অনুসারে এটা করা যায় না।”
আরও দেখুনঃ ইরান নিয়ে গলা ফাটান-রাস্তায় নামাজে কড়া দাওয়াইয়ের হুঁশিয়ারি যোগী পুলিশের
চন্দ্রিমা ভট্টাচার্যের এই মন্তব্য তৃণমূলের দীর্ঘদিনের অভিযোগেরই প্রতিধ্বনি। তাঁর মতে, প্রধানমন্ত্রী রাজনৈতিক সভায় কেন্দ্রীয় তহবিলের প্রকল্প ঘোষণা করে দলীয় প্রচারকে সরকারি কাজের আড়ালে লুকোচ্ছেন। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে বলে তিনি দাবি করেন। বিশেষ করে যখন নির্বাচনের আগে এমন সভা হয়, তখন কেন্দ্রীয় সরকারের অর্থ বা প্রকল্পের লোভ দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হয়। তিনি প্রশ্ন তুলেছেন, “কেন্দ্রীয় সরকার কি নিজেকে দলের উপরে মনে করে না?
দলীয় কর্মসূচিকে সরকারি অনুষ্ঠানের সঙ্গে মিশিয়ে ফেলা কি সাংবিধানিকভাবে ঠিক?” এই অভিযোগে তৃণমূলের অন্য নেতারাও সুর মিলিয়েছেন। তারা বলছেন, মোদীর সভায় প্রায়ই কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন বা লোভ দেখানো হয়, যা রাজ্য সরকারের কাজকে ছাপিয়ে যায়।অন্যদিকে, বিজেপি এই অভিযোগকে উড়িয়ে দিয়েছে। দলের নেতারা বলছেন, প্রধানমন্ত্রী হিসেবে মোদীর দায়িত্ব দেশের উন্নয়ন প্রচার করা।
যেখানে রাজ্য সরকার কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে বাধা দিচ্ছে, সেখানে সরাসরি জনগণের কাছে পৌঁছে যাওয়া দরকার। তারা দাবি করেন, কোনো আইন লঙ্ঘন হচ্ছে না এটা সরকারি কাজের অংশ। বিজেপির রাজ্য নেতারা বলছেন, তৃণমূল নিজের ব্যর্থতা ঢাকতে এমন অভিযোগ তুলছে। রাজ্যে কেন্দ্রীয় তহবিল আটকে রাখা, প্রকল্প না চালানো এসবের জন্য তৃণমূল দায়ী। মোদীর সভায় প্রকল্প ঘোষণা করে জনগণকে সত্যিটা জানানো হচ্ছে।



















