নয়াদিল্লি: হঠাৎই কেন মমতার উপর খেপে গেলেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। প্রকাশ্যে ছোটোলোক বলে মন্তব্য করলেন তিনি। বুধবার সকালে একটি বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। এই ঘটনার প্রতিক্রিয়া হিসেবে মমতা বন্দোপাধ্যায় বলেছিলেন যে এই মৃত্যু রহস্যজনক এবং সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এই ঘটনার তদন্ত হওয়া উচিত।
মমতার এই বয়ানেই খেপে গিয়েছেন কঙ্গনা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন রাজনৈতিক মহলের প্রত্যেকেই এই ঘটনায় শোকস্তব্ধ কিন্তু মমতা কি করে এই সময় এই ধরণের কথা বলেন। কঙ্গনা বলেন “আজ সকালে এমন বড় দুর্ঘটনা ঘটেছে, আমরা সবাই শোকে মুহ্যমান। সবাই আলোচনা করছেন যে অনেকেই হেলিকপ্টার বা বিমানে যাতায়াত করেন। এমন সময়ে এমন ছোটলোকি কথা বলার পরিবর্তে মমতা ব্যানার্জির একটু সংযম দেখানো উচিত ছিল।”
দুর্ঘটনার নেপথ্যে ষড়যন্ত্র? সুপ্রিম কোর্টের তদন্ত চান মমতা
অনেকে মনে করছেন, মমতা শোকের মধ্যেও তদন্তের কথা বলে রাজনৈতিক সুর চড়িয়েছেন। বিজেপিও এই মন্তব্যকে ‘অসংবেদনশীল’ বলে সমালোচনা করেছে। কঙ্গনা আরও বলেন, “এখন শোক পালনের সময়। পরিবারের সঙ্গে সহানুভূতি দেখানো দরকার, রাজনৈতিক পয়েন্ট স্কোর করার নয়।”অজিত পাওয়ারের মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ অনেক নেতা শোক প্রকাশ করেছেন।
মহারাষ্ট্র সরকার তিনদিনের রাজ্য শোক ঘোষণা করেছে। লোকসভা-রাজ্যসভা অধিবেশন স্থগিত রাখা হয়েছে। অজিত পাওয়ারকে ‘মিস্টার ডিপেন্ডেবল’ বলে সম্মান করা হতো। তাঁর মৃত্যু মহায়ুতি সরকারের জন্য বড় ক্ষতি।মমতা ব্যানার্জির তদন্তের দাবি নতুন নয়। তিনি প্রায়ই বড় ঘটনায় স্বচ্ছ তদন্ত চান। কিন্তু এই সময়ে এমন দাবি অনেকের কাছে অসময়োচিত মনে হয়েছে।
বিশেষ করে যখন দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি পাইলটের অভিজ্ঞতা ১৬,০০০ ঘণ্টার বেশি, কোনো টেকনিক্যাল গোলমাল নেই বলে অপারেটর জানিয়েছে। তবু মমতার পোস্টে তদন্তের উল্লেখ কঙ্গনার মতো নেতাদের ক্ষুব্ধ করেছে।এই ঘটনা রাজনৈতিক মেরুকরণকে আরও তীব্র করেছে।
তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে, মমতা শুধু শোক প্রকাশ করেছেন এবং স্বাভাবিকভাবে তদন্ত চেয়েছেন। বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, শোকের মধ্যে রাজনীতি না করাই ভালো। অজিত পাওয়ারের পরিবার, কর্মী-সমর্থকরা এখন শোকে ডুবে আছেন। বারামতিতে তাঁর অন্ত্যেষ্টিতে লক্ষাধিক মানুষের ভিড় হওয়ার সম্ভাবনা।




















