
প্রাক্তন সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানের আত্মজীবনী ঘিরে বিতর্ক ক্রমশ তুঙ্গে উঠেছে। বইটি প্রকাশের আগেই এর কিছু অংশ ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ সামনে আসতেই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। অভিযোগের ভিত্তিতে প্রকাশক সংস্থা পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়াকে নোটিস পাঠিয়েছে দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেল। ঘটনার জেরে রাজনৈতিক মহল থেকে প্রাক্তন সামরিক আধিকারিকদের একাংশ সব জায়গাতেই শুরু হয়েছে জোর আলোচনা।
আত্মজীবনীটির কয়েকটি সংবেদনশীল অধ্যায় প্রকাশের আগেই বিভিন্ন মহলে ঘুরতে শুরু করে। দাবি করা হচ্ছে, বইটিতে সামরিক কৌশল, সীমান্ত পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সিদ্ধান্ত সংক্রান্ত এমন কিছু তথ্য রয়েছে, যা জনসমক্ষে আসা উচিত ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও প্রকাশক সংস্থার তরফে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবুও দিল্লি পুলিশের(Delhi Police) পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে যে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। দিল্লি পুলিশের স্পেশাল সেলের পাঠানো নোটিসে জানতে চাওয়া হয়েছে, বইটি প্রকাশের আগে প্রয়োজনীয় সরকারি অনুমোদন নেওয়া হয়েছিল কি না।

