নোয়াপাড়ায় ভোট পড়ে গিয়েছে বলে বিভ্রান্তি ছড়াচ্ছে BLO রা! দাবি অর্জুনের

arjun-singh-voter-slip-irregularities-noapara-barrackpore-election-row

কলকাতা: ভোট পড়ে গিয়েছে পোস্টাল ব্যালটে। এমনটাই বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছে BLO রা অভিযোগ করলেন নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং (Arjun Singh)। তাঁর দাবি, উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র-সহ ব্যারাকপুর মহকুমার একাধিক এলাকায় পরিকল্পিতভাবে ভোটারদের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

অর্জুন সিং তাঁর অভিযোগে জানিয়েছেন, ভোটার স্লিপ বিতরণের দায়িত্বে থাকা একাংশ বুথ লেভেল অফিসার (BLO) ঠিকভাবে ভোটারদের হাতে স্লিপ তুলে দিচ্ছেন না। বরং অনেক ক্ষেত্রে ভোটারদের বলা হচ্ছে যে, নির্বাচন কমিশন থেকে পর্যাপ্ত স্লিপ দেওয়া হয়নি। এর ফলে সাধারণ ভোটারদের মধ্যে অনিশ্চয়তা ও বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে তাঁর দাবি।

   

শুধু স্লিপ না দেওয়া নয়, আরও গুরুতর অভিযোগও তুলেছেন তিনি। অর্জুন সিংয়ের কথায়, কিছু ক্ষেত্রে ভোটারদের জানানো হচ্ছে যে তাদের ভোট ইতিমধ্যেই পোস্টাল ব্যালটের মাধ্যমে পড়ে গেছে। এই ধরনের তথ্য সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং ভোটাধিকার প্রয়োগে বাধা সৃষ্টি করতে পারে বলেই মনে করছেন তিনি।

আরও দেখুনঃ ফের সার্জিকাল স্ট্রাইক মণিপুরে! সেনাবাহিনীর মারে হাড় ভাঙল জঙ্গিদের

নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র (১০৭ নম্বর আসন) ছাড়াও এই সমস্যা গোটা ব্যারাকপুর মহকুমা জুড়ে ছড়িয়ে রয়েছে বলে অভিযোগ বিজেপি নেতার। তাঁর দাবি, এটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি সুপরিকল্পিত প্রক্রিয়ার অংশ। এর পেছনে শাসকদল তৃণমূল কংগ্রেস এবং তাদের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থার ভূমিকা রয়েছে বলেও ইঙ্গিত করেছেন তিনি।

অর্জুন সিং এই প্রসঙ্গে সরাসরি নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছেন। তিনি নির্বাচন কমিশনের এবং সিইওর কাছে আবেদন জানিয়েছেন, যাতে দ্রুত বিষয়টি খতিয়ে দেখা হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। তাঁর কথায়, “ভোটাররা যেন নির্ভয়ে এবং সঠিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটাই নিশ্চিত করা জরুরি।” রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের সময় এই ধরনের অভিযোগ নতুন নয়। তবে ভোটার স্লিপ বিতরণ এবং পোস্টাল ব্যালট নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়া বিষয়টি যথেষ্ট সংবেদনশীল। কারণ এর সরাসরি প্রভাব পড়তে পারে ভোটদানের ওপর।