গঙ্গাজল ছিটিয়ে ফেডারেশন ‘শুদ্ধ’ করলেন পাপিয়া, হুঙ্কার, ‘বিশ্বাস ব্রাদার্সের দাদাগিরি শেষ’

কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে এক নতুন ইতিহাস। দীর্ঘ ১৫ বছরের তৃণমূল জমানার অবসান ঘটিয়ে নবান্নে ফুটেছে পদ্মফুল। আর সেই গেরুয়া ঝড়ের অন্যতম বড় ভরকেন্দ্র ছিল ...

By Moumita Biswas

Published:

Follow Us
papaya adhikari purified the guild office

কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে এক নতুন ইতিহাস। দীর্ঘ ১৫ বছরের তৃণমূল জমানার অবসান ঘটিয়ে নবান্নে ফুটেছে পদ্মফুল। আর সেই গেরুয়া ঝড়ের অন্যতম বড় ভরকেন্দ্র ছিল টালিগঞ্জ। তৃণমূলের হেভিওয়েট প্রার্থী অরূপ বিশ্বাসকে বিপুল ভোটে হারিয়েছেন বিজেপি বিধায়িকা তথা বর্ষীয়ান অভিনেত্রী পাপিয়া অধিকারী। আর বিধায়ক পদে আসীন হয়েই বুধবার টেকনিশিয়ান স্টুডিতে এক নজিরবিহীন নাটকীয় কাণ্ড ঘটালেন তিনি। (papaya adhikari purified the guild office)

গঙ্গাজলে শুদ্ধিকরণ ও ‘বিশ্বাস ব্রাদার্স’-কে তোপ

এদিন জাদুকর পি সি সরকারের দুই কন্যা, মুমতাজ ও মানেকা সরকারকে সঙ্গে নিয়ে ফেডারেশনের অফিসে পা রাখেন পাপিয়া অধিকারী। তবে ঘরে ঢোকার আগেই বোতলে করে আনা গঙ্গাজল পুরো অফিসে ছেটাতে শুরু করেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়িকা সরাসরি বলেন, “শুদ্ধিকরণ করব বলেই গঙ্গাজল এনেছিলাম। এবার চারপাশটা শুদ্ধ হল।”

   

বিগত কয়েক বছর ধরে টলিউড জুড়ে অরূপ ও স্বরূপ বিশ্বাসের যে ‘ব্যান কালচার’ এবং অলিখিত একাধিপত্য নিয়ে ক্ষোভ জমেছিল, তার জবাবে পাপিয়া সাফ জানান, “বিশ্বাস ব্রাদার্স-এর জমানা শেষ। অরূপ-স্বরূপের দাদাগিরি আর থাকবে না। কারও কোনও ভয় নেই। আপনারা এবার খোলা হাওয়ায় শ্বাস নিন।” এদিন ভেন্ডার গিল্ডের সম্পাদক সৈকত দাস-সহ সমস্ত কলাকুশলীরা নতুন বিধায়িকাকে সংবর্ধনা জানান।

টালিগঞ্জ জুড়ে পাপিয়ার ৪ নতুন কড়া নিয়ম

ক্ষমতায় বসেই ইন্ডাস্ট্রির ভোল বদলে দিতে একগুচ্ছ নতুন নিয়ম জারি করেছেন পাপিয়া অধিকারী৷ তিনি বলেন-

  • টলিউড থেকে যে কোনও ধরণের ‘ব্যান কালচার’ বা কাজ আটকে দেওয়ার নোংরা রাজনীতি চিরতরে বন্ধ হবে।
  • আগের দিন মাঝরাতে ফোন করে পরদিন শুটিংয়ে ডাকার সংস্কৃতি আর চলবে না। অন্তত ৩ দিন আগে শিল্পীদের ‘কল টাইম’ জানাতে হবে।
  • নারী নিরাপত্তার স্বার্থে রাতে শুটিং শেষ হলে মহিলা কলাকুশলী ও অভিনেত্রীদের নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে হবে প্রযোজকদের।
  • টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের রহস্যজনক মৃত্যুর ফাইল আবার নতুন করে খোলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাপিয়া স্পষ্ট বলেন, “রাহুলের কেস ওপেন করা হবে। ওর মৃত্যুর কোনও সঠিক অনুসন্ধানই হয়নি।”

টলিউডকে রাজনীতির নাগপাশ থেকে মুক্ত করে সিনেমার হৃত গৌরব ফিরিয়ে আনাই এখন পাপিয়ার প্রধান লক্ষ্য। নতুন বিধায়িকার এই ‘গঙ্গাজল অ্যাকশন’ ও কড়া হুঁশিয়ারি টলিউডের আগামী সমীকরণকে কোন দিকে নিয়ে যায়, সেটাই এখন দেখার।

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google