আগের ফুটবল মরসুমটা একেবারেই সুখকর থাকেনি ওডিশা এফসির (Odisha FC)। বিশেষ করে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে যথেষ্ট পয়েন্ট নষ্ট করেছিল ওডিশা এফসি। ধীরে ধীরে দল ঘুরে দাঁড়াতে শুরু করলেও আইএসএলের সুপার সিক্সে স্থান করে নেওয়া সম্ভব হয়নি। তাঁদের টেক্কা দিয়ে চ্যাম্পিয়নশিপের দৌড়ে উঠে গিয়েছিল মুম্বাই সিটি এফসি। সেই হতাশা কাটিয়ে গত কলিঙ্গ সুপার কাপে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য থাকলেও ছিটকে যেতে হয়েছিল প্রথম ম্যাচেই। পাঞ্জাব এফসির কাছে পরাজিত হয়ে। পুরনো ব্যর্থতা ভুলে নতুন ফুটবল সিজনের জন্য বহু আগে থেকেই ঘর গোছানোর কাজ শুরু করেছিল ওডিশা।
আরও পড়ুন: সবুজ-মেরুনের এই প্রাক্তন তারকাকে দলে টানল মুম্বাই সিটি এফসি
এক্ষেত্রে নয়া ফুটবলার সই করানোর পাশাপাশি দলের বেশকিছু ফুটবলারদের বিদায় জানাতে মরিয়া ছিল এই ফুটবল দল। সেইমতো গত কয়েক মাসে একাধিক ফুটবলারদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ক্লাব। সময়ের সাথে সাথেই দীর্ঘ হয়েছে সেই তালিকা। সেক্ষেত্রে তৎকালীন কোচ সার্জিও লোবেরার নির্দেশ মতোই দল সাজিয়েছিল ম্যানেজমেন্ট। তাঁদের নিয়েই এবারের এই সুপার কাপে নেমেছিল জগন্নাথের রাজ্যের ফুটবল ক্লাব। কিন্তু সাফল্য মেলেনি। তাছাড়া গত বছরের শেষের দিকেই দল ছাড়েন লোবেরা। পরিবর্তে এখন দলের দায়িত্ব পালন করছেন থেক্কাথারা পুরুষোত্তম।
আগত আইএসএলে তাঁর তত্ত্বাবধানে খেলতে নামতে চলেছে দেশের এই প্রথম সারির ফুটবল দল। আগামী ১৬ই ফেব্রুয়ারি তাঁদের প্রথম ম্যাচ। নিজেদের ঘরের মাঠ অর্থাৎ কলিঙ্গ স্টেডিয়ামে তাঁদের লড়াই করতে হবে প্যানাজিওটিস ডিলমপেরিসের পাঞ্জাব এফসির বিপক্ষে। তাঁর আগে তিন ভারতীয় ফুটবলারদের দলে টেনে নিজেদের স্কোয়াড সম্পন্ন করল ওডিশা। যাদের মধ্যে রয়েছেন এডউইন সিডনি ভান্সপল, ভিপি সুহের এবং তেজস কৃষ্ণ। পূর্বে জামশেদপুর এফসির সঙ্গে যুক্ত ছিলেন সুহের। কিন্তু আসন্ন আইএসএলে এবার খেলতে চলেছেন ওডিশা এফসির জার্সিতে।
আরও পড়ুন: বিসিপিএল কর্পোরেট ক্রিকেটারদের জন্য নতুন পথ খুলে দেবে: সৌরভ গাঙ্গুলি
অন্যদিকে, দক্ষিণের শক্তিশালী ফুটবল ক্লাব তথা চেন্নাইয়িন এফসির সঙ্গে যুক্ত ছিলেন বাকি দুই ভারতীয় ডিফেন্ডার। যদিও গত বছরের মাঝামাঝি সময় তাঁদের রিলিজ করে দিয়েছিল আইএসএল জয়ী এই চেন্নাইয়িন। কিন্তু এবার তাঁদের উপরেই ভরসা রাখল জগন্নাথের রাজ্যের দল।




















