সায়ন সেনগুপ্ত, কলকাতা: দিন ছয়েক বাকি। তারপরেই শুরু হতে চলেছে এবারের ইন্ডিয়ান সুপার লিগ। বিগত সিজন পর্যন্ত দুইটি লেগের মধ্য দিয়ে টুর্নামেন্ট আয়োজিত হলেও এবার বদলেছে অনেক কিছু। অন্যান্যবার এই সময় প্রথম ডিভিশন লিগ প্রায় অনেকটাই এগিয়ে গেলেও এবার শুরু হচ্ছে অনেকটা পরে। যারফলে সুইস মডেলের মধ্য দিয়ে আয়োজিত হচ্ছে আইএসএল। অর্থাৎ একটি লেগের মধ্য দিয়েই পরিচালিত হচ্ছে সমগ্র টুর্নামেন্টটি। কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে টুর্নামেন্টের চূড়ান্ত সূচি। সেই অনুসারে এবার দশটি হোম ম্যাচ পেয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)।
আরও পড়ুন: আইএসএলের আগে এই বাঙালি কোচকে দলের দায়িত্ব দিল মহামেডান
যেটা নিঃসন্দেহে অনেকটাই অ্যাডভান্টেজ দিতে পারে ফুটবলারদের। এই সুযোগ কাজে লাগিয়ে দল আদৌ এবার সাফল্য পাই কিনা সেটাই দেখার বিষয়। সূচি বলছে আগামী ১৬ই ফেব্রুয়ারি তাঁদের প্রথম ম্যাচ যেখানে টানা দুই বারের ডুরান্ড কাপ জয়ী দল তথা নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে খেলতে হবে অস্কার ব্রুজোর ছেলেদের। সেই মতো নিজেদের প্রস্তুত করছেন দলের ফুটবলাররা। কিন্তু এই নতুন বছরের শুরু থেকেই সকলকে চিন্তায় রাখছে দলের আক্রমণভাগ। মরসুমের শুরুতে হামিদ আহদাদ থেকে শুরু করে হিরোশি ইবুসুকির মতো ফুটবলারদের দলে টানা হলেও খুব একটা সুবিধা করতে পারেননি কেউ।
আরও পড়ুন: আইএসএলে ইস্টবেঙ্গলের দশ হোম ম্যাচ, কবে কোন প্রতিপক্ষ?
স্বাভাবিকভাবেই এই নতুন বছরের প্রথম দিকেই বিদায় জানানো হয়েছে দুই ফুটবলারকে। তারপর নতুন ফুটবলারদের নাম ঘোষনার অপেক্ষায় ছিল সমর্থকরা। দিন কয়েক আগেই মরোক্কান বংশোদ্ভূত এক স্প্যানিশ ফুটবলারের নাম ঘোষণা করে মশাল ব্রিগেড। তিনি ইউসেফ ইজ্জেজারি। ইতিমধ্যেই তিনি এসে পড়েছেন শহরে। নিজেকে এই অল্প সময়ের মধ্যে আদৌ কতটা মানিয়ে নিতে পারেন সেটা নিঃসন্দেহে নজর থাকবে প্রত্যেকের। কিন্তু তিনি একা নন। খুব শীঘ্রই আরও এক ফুটবলার তথা নিজেদের ষষ্ঠ বিদেশীর নাম ঘোষণা করবে ইস্টবেঙ্গল।
সেক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসছে ইউরোপের কথা। মনে করা হচ্ছে ইউরোপের এক দাপুটে ফুটবলারকে দলে টানতে চলেছে মশাল ব্রিগেড। সব ঠিকঠাক থাকলে ভিসাগত সমস্যা মিটলেই হয়তো সেই ফুটবলারের নাম জানিয়ে দেবে কলকাতা ময়দানের এই প্রধান।





