
কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শুরুর দিকটা ভালো ছিল না লখনউ সুপার জায়ান্টের। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই পরাজিত হতে হয়েছিল দিল্লি ক্যাপিটালসের কাছে। যদিও সেই ধাক্কা কাটাতে খুব বেশিদিন অপেক্ষা করতে হয়নি। দিন তিনেক পরেই দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নেমেছিল সঞ্জীব গোয়েঙ্কার এই ক্রিকেট দল। সেখানেই আসে প্রথম জয়। এক বল বাকি থাকতেই সেই ম্যাচ পকেটে পুড়ে নিয়েছিল ঋষভ পন্থরা। সেই জয়ের ধারা বজায় রাখার লক্ষ্য নিয়েই গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইডেনের বুকে তৃতীয় ম্যাচে নেমেছিল লখনউ।
প্রতিপক্ষ ছিল কলকাতা নাইট রাইডার্স। প্রথম দুটি ম্যাচ হেরে যথেষ্ট চাপের মধ্যে ছিল নাইট বাহিনী। স্বাভাবিকভাবেই ঘরের মাঠে এই ম্যাচ জিতে শহরের ক্রিকেটপ্রেমীদের মন জয় করার চ্যালেঞ্জ ছিল অজিঙ্ক রাহানেদের। সেইমতো আগে ব্যাট করে ঝড়ের বেগে রানও তুলেছিল কেকেআর। চারটি উইকেট হারিয়ে প্রায় লড়াকু স্কোর তুললেও সেটা কাজে লাগাতে পারেননি নাইট রাইডার্সের বোলাররা। মিচেল মার্শ থেকে শুরু করে মার্করাম, পন্থদের খুব সহজেই সাজঘরে ফেরত পাঠানো গেলেও বাঁধা হয়ে দাঁড়ান আয়ুশ বাদোনী। শেষ পর্যন্ত মুকুল চৌধুরীর ঝড় ইনিংসে শেষ হয়ে যায় কেকেআরের জয়ের আশা।
সেই নিয়ে কিছুটা হলেও হতাশ কলকাতা নাইট রাইডার্সের সমর্থকরা। তবে এদিন লখনউ সুপার জায়ান্টের ম্যাচ দেখতে মাঠে গিয়েছিলেন মোহনবাগান সুপার জায়ান্টের দুই বিদেশি ফুটবলার। যাদের মধ্যে ছিলেন জেমি ম্যাকলারেন এবং দিমিত্রি পেত্রাতোস। সেই দলের ক্রিকেট জার্সিতেও দেখা যায় এই দুই অজি ফুটবলারকে। এমনকি মাঠে উপস্থিত ক্রিকেটপ্রেমীদের মধ্যে লখনউ সুপার জায়ান্ট দলের জার্সি ও বিলোতে দেখা যায় কর্নধার সঞ্জীব গোয়েঙ্কাকে। যা রীতিমতো নজর কাড়ে সকলের।













