
সায়ন সেনগুপ্ত, কলকাতা: চলতি মাসের শেষের দিকেই শুরু হচ্ছে ইউনিটি কাপ। যেখানে এবার অংশ নেবে ভারতের জাতীয় ফুটবল দল। বিগত কয়েক মাস আগেই জানা গিয়েছিল যে লন্ডনে আয়োজিত এই টুর্নামেন্টের চতুর্থ আসরে অংশ নিচ্ছে ভারত। এছাড়াও থাকছে শক্তিশালী নাইজেরিয়া থেকে শুরু করে জামাইকা ও জিম্বাবুয়ের মতো দেশ। আসন্ন এই চতুর্দলীয় টুর্নামেন্টের দিকেই এখন নজর সকলের। সূচি অনুযায়ী আগামী ২৭শে মে জামাইকার বিরুদ্ধে খেলতে হবে রায়ান উইলিয়ামসদের। তার আগে অর্থাৎ ২৬শে মে টুর্নামেন্টের প্রথম ম্যাচ।
যেখানে গতবারের বিজয়ী দল তথা নাইজেরিয়ার বিরুদ্ধে খেলবে জিম্বাবুয়ে। তারপর দিন দুয়েকের বিশ্রাম। আগামী ৩০শে মে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। এই টুর্নামেন্টের প্রত্যেকটি ম্যাচ আয়োজিত হবে চার্লটন অ্যাথলেটিক ক্লাবে। বলাবাহুল্য, এই টুর্নামেন্টের কথা মাথায় রেখেই স্কোয়াড ঘোষণা করেছিলেন ভারতীয় ফুটবল দলের বর্তমান কোচ খালিদ জামিল। তবে এসবের মাঝেই সকলকে চমকে দিয়েছে এক নয়া তথ্য। জাতীয় শিবিরের এই টুর্নামেন্টের জন্য নাকি খেলোয়াড়দের ছাড়ছে না মোহনবাগান সুপার জায়ান্ট।
হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আজ কিছু ঘন্টা আগেই সামনে এসেছে এই তথ্য। জানা গিয়েছে, ফিফা উইন্ডোর বহির্ভূত থাকায় এই আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলোয়াড়দের পাঠাবে না মেরিনার্সরা। এক্ষেত্রে কোচের স্কোয়াড তালিকা অনুযায়ী সুযোগ পেয়েছিলেন মোট ৭ জন ফুটবলার। এবার তাঁদের ফিরে আসার কথা জানিয়ে দিয়েছে ম্যানেজমেন্ট। যা রীতিমতো অবাক করেছে সকলকে।













