সায়ন সেনগুপ্ত, কলকাতা: তিন ম্যাচ পর ফের পরাজিত হল মহামেডান স্পোর্টিং ক্লাব। সূচি অনুসারে এদিন বিকেলে অ্যাওয়ে ম্যাচে অ্যাশলি ওয়েস্টউডের কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল মেহেরাজউদ্দিন ওয়াডুর ছেলেরা। সম্পূর্ণ সময়ের শেষে ৩-১ গোলের ব্যবধানে এই ম্যাচে পরাজিত হল কলকাতা ময়দানের এই তৃতীয় প্রধান। মহিতোষ রায়ের অনবদ্য গোলের দেখা মিললেও আসেনি জয়। যারফলে খালি হাতেই মাঠ ছাড়তে হল ব্ল্যাক প্যান্থার্সদের। এদিন কেরালা ব্লাস্টার্সের হয়ে গোল করেন যথাক্রমে ফ্রান্সিসকো আবালো, ভিক্টর বার্তোমেউ এবং শ্রীকুত্তন এম এস।
তবে সাদা-কালো ব্রিগেডের তরফে মহিতোষের গোল যথেষ্ট নজর কাড়ে সকলের। আজ ম্যাচের শুরুটা ছিল একেবারেই অন্যরকম। ৪২ মিনিটের মাথায় মহিতোষের দুরপাল্লার শটে বল চলে গিয়েছিল গোলের মধ্যে। যারফলে এগিয়ে গিয়েছিল মহামেডান স্পোর্টিং। কিন্তু সেই ব্যবধান বজায় থাকেনি বেশিক্ষণ। মাত্র ২ মিনিটের ব্যবধানে দলকে সমতায় ফিরিয়ে ছিলেন কেরালার তারকা ফুটবলার রিয়াল মাদ্রিদে খেলা তারকা ফুটবলার ফ্রান্সিসকো আবালো। যারফলে প্রথমার্ধে বজায় ছিল ১-১ গোলের অমীমাংসিত ফলাফল।
তারপর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ব্যবধান বাড়িয়ে নিতে তৎপর ছিল সাদা-কালো শিবির। কিন্তু আটকে যেতে হচ্ছিল রক্ষণভাগে। অপরদিকে, ৫৯ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন ভিক্টর বার্তোমেউ। সুযোগ বুঝেই তারপর ঘন ঘন আক্রমণে উঠে আসার চেষ্টা করলেও ভাগ্য সুপ্রসন্ন থাকেনি। ৭৪ মিনিটের মাথায় পুনরায় গোল হজম করতে হয়েছিল রেড রোডের এই ফুটবল দলকে। এবার কেরালার হয়ে গোল করে যান শ্রীকুত্তন। শেষ পর্যন্ত এই ফলাফলেই জয় ছিনিয়ে নেয় কেরালা ব্লাস্টার্স। মহামেডান দলের তরফে গোলের সুযোগ তৈরি হলেও পুনরায় গোলের মুখ খুলতে পারেননি লালথানকিমারা।
নব্বই মিনিটের শেষ লগ্নে জোড়া হলুদ কার্ড অর্থাৎ লাল কার্ড দেখতে হয় অমরজিত সিং কিয়ামকে। যারফলে ১১ ম্যাচে তিন পয়েন্ট নিয়ে সবার নিচে থাকল মহামেডান। অন্যদিকে, ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আট নম্বরে উঠে আসলো কেরালা।




















