কলকাতা: চৈত্র মাসের শুরুতেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বিরাট পরিবর্তন দেখা দিয়েছে৷ কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ (Thunderstorms) বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর৷ সোমবার শহরে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে৷
রবিবার সন্ধ্যায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড় ওঠে৷ প্রবল দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির কারণে একাধিক জায়গায় গাছ ভেঙে পড়ে, যার ফলে যান চলাচল ব্যাহত হয়৷ বাঁকুড়া জেলায় ঝড়ের সময় একটি টিনের শেড চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ আহত হয়েছেন আরও চার জন৷
ঝড়ের কারণে রেল পরিষেবা কিছু সময়ের জন্য ব্যাহত হয়৷ দক্ষিণ-পূর্ব রেলের একটি লাইনে গাছ পড়ে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়৷ পরে দ্রুত গাছ সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়৷ আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েক দিন বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি চলতে পারে৷ মঙ্গলবার হাওয়ার বেগ কিছুটা কমলেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে৷ সপ্তাহের শেষের দিকে আবারও ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে৷
হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে৷ এই জেলাগুলিতে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে৷ কোথাও কোথাও ঝড়ের গতি ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷
ঝড়বৃষ্টির প্রভাবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা সাময়িকভাবে কমতে পারে৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিনে সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে৷ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ সেখানে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে৷




















