১৮ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা, রবীন্দ্র সদনে বিশেষ অনুষ্ঠান

কলকাতা: দীর্ঘ ১৮ বছরের প্রতীক্ষার অবসান। ফের কলকাতায় পা রাখতে চলেছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। তাঁর নিজের ফেসবুক পোস্ট থেকেই এই সুখবর প্রকাশ্যে এসেছে। ১…

taslima nasreen returns to kolkata

কলকাতা: দীর্ঘ ১৮ বছরের প্রতীক্ষার অবসান। ফের কলকাতায় পা রাখতে চলেছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। তাঁর নিজের ফেসবুক পোস্ট থেকেই এই সুখবর প্রকাশ্যে এসেছে। ১ অগস্ট রবীন্দ্র সদনে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে দেখা যাবে তাঁকে।

কীভাবে ফিরছেন তসলিমা?

‘সেক্যুলার মিশন’ ও ‘পশ্চিমবঙ্গের জন্য’ নামে দুটি সংস্থার যৌথ উদ্যোগে ১ অগস্ট রবীন্দ্র সদনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, দীর্ঘ ১৮ বছর পর তসলিমা ফের কলকাতার মঞ্চে ফিরছেন। ওই অনুষ্ঠানে তিনি কবিতাপাঠ করবেন, গান গাইবেন এবং নিজস্ব মতামত তুলে ধরবেন। শোনা যাচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রীও এই অনুষ্ঠানে উপস্থিত থাকার ব্যাপারে সম্মতি জানিয়েছেন।

Read More: ‘তৃণমূলের তোষণে ভাঙা পড়েনি, বিজেপি ভাঙবেই!’ বাঁকড়া মসজিদ নিয়ে সাফসুত্র তথাগত

কলকাতা ছাড়ার সেই উত্তাল ইতিহাস

২০০৭ সালের ২১ নভেম্বর তসলিমা নাসরিনের বিরুদ্ধে মৌলবাদী আন্দোলনের জেরে উত্তাল হয়ে উঠেছিল তিলোত্তমা। তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাস্তায় নামাতে হয়েছিল সেনাবাহিনী। সেই ঘটনার পরই কলকাতা ছাড়তে বাধ্য হন তসলিমা। পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় বারবার ফেরার ইচ্ছা প্রকাশ করলেও বিভিন্ন আইনি ও রাজনৈতিক জটিলতায় তা সম্ভব হয়নি। তবে পালাবদলের পর বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য তাঁকে ফেরানোর বিষয়ে সরব হন, যা নতুন করে চর্চা উসকে দেয়।

প্রাক্তন আইপিএস-এর প্রতিক্রিয়া

সেই সময়ে রাজ্যের পুলিশ পরিষেবায় থাকা প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর লেখিকাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, “আমি ওঁর লেখা খুব পছন্দ করি, তাই উনি আসছেন বলে আমি খুশি। তবে শুধু এটুকুই বলতে চাই, তিনি যেন এমন কিছু না বলেন যাতে নতুন করে কোনও বিতর্ক তৈরি হয়।”

তসলিমার এই প্রত্যাবর্তন রাজ্য রাজনীতিতে বড়সড় চমক হিসেবেই দেখছেন পর্যবেক্ষকরা। এখন দেখার, ১ অগস্টের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে শহরের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি কী রূপ নেয় এবং দীর্ঘ বিতর্ক শেষে তাঁর এই সফর কতটা মসৃণ হয়।