নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতির পর এবার যুক্ত হল মিড ডে মিল (Mid day Meal) দুর্নীতি।রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যকে সমর্থন করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার CBI-কে চিঠি দিলেন। তিনি দাবি করেন মিড ডে মিল স্কিমটি কেন্দ্রীয় সরকারের স্কিম এবং তার অর্থ নয়ছয় নিয়ে কথা বলা হয়েছে। আর এই তদন্ত হওয়া দরকার।
কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বলেন, ‘মিড ডে মিল নিয়ে পশ্চিমবঙ্গে প্রচুর অনিয়ম দেখা গিয়েছে। কেন্দ্রীয় পরিদর্শক দল একাধিকবার এসেছে এবং বিভিন্ন অনিয়ম ধরা পড়েছে। রিপোর্টে একজনের কথার সঙ্গে অন্যজনের কথার কোনও মিল নেই। তাই CBI তদন্তের জন্য চিঠি লিখেছে শিক্ষা মন্ত্রক।’
উল্লেখ্য, রাজ্যে মিড ডে মিলে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে তদন্তের দাবিতে কেন্দ্রকে চিঠি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই অভিযোগের প্রেক্ষিতে গত জানুয়ারিতে রাজ্যে আসে কেন্দ্রের প্রতিনিধিদল। মোট ২৬টি বিষয়ের ওপর মিড ডে মিলের মান যাচাই করেন তাঁরা। এর পর দিল্লি ফিরে রিপোর্ট দেন কেন্দ্রীয় প্রতিনিধিরা।
বিরোধী দলনেতার দাবি, সেই রিপোর্টে রাজ্যে মিড ডে মিলে দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। তার পরই পশ্চিমবঙ্গে মিড ডে মিল দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে তারা।তৃণমূলের দাবি, রাজ্য আগেই সিবিআই তদন্তের ক্ষেত্রে জেনারেল কনসেন্ট প্রত্যাহার করেছে। ফলে কোনও বিষয়ে রাজ্য বিশেষ অনুমতি দিলে তবেই সিবিআই তদন্ত হতে পারে। এখন প্রশ্ন উঠছে, তবে কি লোকসভা ভোটের আগে ফের আরও একটি ঘটনা নিয়ে রাজ্যে CBI তদন্ত?




















