যাত্রীদের নিত্যদিনের ভোগান্তি এড়াতে নতুন প্ল্যাটফর্মের ঘোষণা করেছে ভারতীয় রেল (Howrah Station)। সেই মতো যাত্রীদের সেবায় আজ, সোমবার, থেকেই চালু হবে হাওড়া স্টেশনের নতুন ২৪ নং প্ল্যাটফর্ম। পূর্ব রেলের এই ঐতিহাসিক পদক্ষেপ হাওড়া স্টেশনের যাত্রী ভিড় সামলাতে এবং অবশ্যই ট্রেন চলাচল আরও মসৃণ করতে।
হাওড়া স্টেশনের সব থেকে দীর্ঘতম প্ল্যাটফর্ম ৯ নম্বর হলেও তা যথেষ্ট নয়। ফলে, নতুন প্ল্যাটফর্লের সিদ্ধান্ত নেয় রেল। বর্তমানের, ২৪ নং প্ল্যাটফর্ম হাওড়া স্টেশনের সবচেয়ে দীর্ঘ প্ল্যাটফর্ম। এই নতুন প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্রায় ৬৩৫ মিটার। জানা যাচ্ছে, ২৬ বগির ট্রেন সহজেই দাঁড়াতে পারবে এই নতুন প্ল্যাটফর্মে।
৬৩৫ মিটারের দীর্ঘ এই প্ল্যাটফর্ম নির্মাণ করতে খরচ হয়েছে ২.৬৯ কোটি টাকা। জানা যাচ্ছে, দূরপাল্লার ট্রেন পরিচালনার জন্য ১০-১১ এবং ১২-১৩ নম্বর প্ল্যাটফর্মের সম্প্রসারণের কাজ চলছে। এছাড়া ১৬ নম্বর প্ল্যাটফর্মেও কাজ চলছে। অন্য দিকে, হাওড়া স্টেশনে বসানো হচ্ছে ‘রুট রিলে ইন্টারলকিং’ ব্যবস্থা। এই সিস্টেমের ফলে ট্রেন চলাচল আরও নিরাপদ হবে।
রেল সূত্রে খবর, ২৭ জুলাই থেকেই আনুষ্ঠানিকভাবে এই নতুন প্ল্যাটফর্ম থেকে প্যাসেঞ্জার ট্রেন চলাচল শুরু করবে। চালু হলেই অন্যান্য প্ল্যাটফর্মে যাত্রী চাপ অনেকটা কমবে। এই নতুন প্ল্যাটফর্মটি আধুনিক মানের। আধুনিক নকশা ও নির্মাণের ফলে ২৬ কোচের বড় ট্রেনও দাঁড়াতে পারবে এখানে। ফলে, রেলের জন্য দীর্ঘ যাত্রীবাহী ট্রেন পরিচালনা করা সহজ হবে। সাধারণ যাত্রীদের ওঠা-নামাও অনেক সহজ হবে এই প্ল্যাটফর্মে।




