রাজ্য কোটায় মেডিক্যালে ভর্তির ক্ষেত্রে “ডোমিসাইল বি” বাতিলের দাবি বাংলাপক্ষের

বাংলার মেডিক্যাল কলেজ গুলোয় ৮৫% রাজ্য কোটায় মেডিকেলে ভর্তির ক্ষেত্রে “ডোমিসাইল বি” র সুযোগ নিয়ে ডাক্তারিতে ভর্তি হয় বিহার-ইউপি সহ অন্যান্য রাজ্যের ছাত্র-ছাত্রীরা। এদিকে, বাংলার মেধাবী ছাত্রছাত্রীরা বঞ্চিত ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
banglapakkho

বাংলার মেডিক্যাল কলেজ গুলোয় ৮৫% রাজ্য কোটায় মেডিকেলে ভর্তির ক্ষেত্রে “ডোমিসাইল বি” র সুযোগ নিয়ে ডাক্তারিতে ভর্তি হয় বিহার-ইউপি সহ অন্যান্য রাজ্যের ছাত্র-ছাত্রীরা। এদিকে, বাংলার মেধাবী ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছে।

বাংলা পক্ষ এই “ডোমিসাইল বি” বাতিলের দাবিতে দীর্ঘদিন আন্দোলন করছে। মাননীয়া মুখ‍্যমন্ত্রীও প্রকাশ্যে দুবার ডোমিসাইল বি বাতিলের কথা ঘোষণা করলেও তা কার্যকর হয়নি।

   

আজ এই প্রতিবাদে বাংলার মাননীয় স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার দপ্তরে স্মারকলিপি জমা দেওয়া হয়। মাননীয় স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডাঃ দেবাশীষ ভট্টাচার্যের সাথে দীর্ঘক্ষণ আলোচনা হয় বাংলা পক্ষর প্রতিনিধি দলের৷ কাস্ট সার্টিফিকেট এবং ডোমিসাইল সার্টিফিকেটের অনিয়মের নানা প্রমাণ স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার হাতে তুলে দেওয়া হয়।

বাংলা পক্ষর চার জনের প্রতিনিধি দলে ছিলেন শীর্ষ পরিষদ সদস্য তথা সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি, দক্ষিণ ২৪ পরগনার জেলা সম্পাদক প্রবাল চক্রবর্তী, উত্তর চব্বিশ পরগনা শিল্পাঞ্চলের সম্পাদক মামুদ আলি মন্ডল এবং ছাত্র পক্ষর রাণা ভট্টাচার্য।

বাংলা পক্ষ জানিয়েছে, ৩০০-৪০০ টা রাজ্য কোটার মেডিক্যাল সিট ভিন রাজ্যের ছেলেমেয়েদের হাতে তুলে দেওয়া যাবে না। এবার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বাংলা পক্ষ।

জানা যাচ্ছে, সর্ব ভারতীয় NEET পরীক্ষা চালু হওয়ার পর থেকেই রাজ‍্যের হাতে ৮৫% আসন আছে, যাতে ভর্তি হবে ডোমিসাইল এ- এর মাধ‍্যমে। বাংলা ছাড়া আর কোনো রাজ‍্যে “ডোমিসাইল বি” নেই। এই “ডোমিসাইল বি” র মাধ‍্যমে প্রতিবছর এরাজ‍্যে মেডিক্যালে ভর্তিতে দুর্নীতি ঘটছে।

পাশ্ববর্তী বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের ছাত্রছাত্রী যাদের কোনভাবেই বাংলার সঙ্গে কোন যোগ নেই, তারাও অন‍্যায় ভাবে এই “ডোমিসাইল বি” র সুবিধা নিচ্ছে ও বাংলার ছাত্রছাত্রীদের প্রাপ‍্য সুযোগ থেকে বঞ্চিত করছে।

২০২৩-২৪ শিক্ষাবর্ষে মেডিক্যালে ভর্তিতে এই অস্বচ্ছতা দূর করার জন্য বাংলা পক্ষের দাবি –

১) অন্যান্য সব রাজ‍্যের মতো বাংলাতেও ৮৫% রাজ্য কোটায় মেডিক্যালে ভর্তিতে “ডোমিসাইল বি” অবিলম্বে বাতিল করতে হবে।
২) মেডিক্যালে ভর্তিতে তদারকি করতে একটি বিশেষ কমিশন গঠন করতে হবে। ঠিকানা এবং কাস্ট সার্টিফিকেটের পুলিস ভেরিফিকেশনের দাবি জানানো হয়েছে।
৩) জাল ডোমিসাইল সার্টিফিকেট আটকাতে কঠোর পদক্ষেপ করতে হবে। ভুয়ো ডোমিসাইল সার্টিফিকেটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
৪) বাংলায় SC তালিকায় যাতে কোনভাবেই দুর্নীতি করে বাইরের রাজ্যের ছাত্র-ছাত্রীরা ঢুকতে না পারে তা নিশ্চিত করতে হবে।
৫) কেন্দ্র সরকারি আমলা, রাজ্য সরকারি আমলা সহ যাদের ট্রান্সফার যোগ্য রাজ্য বা কেন্দ্র সরকারি চাকরি তাদের ছেলেমেয়েদের জন্য মেডিক্যালে ৮৫% রাজ্য কোটায় ভর্তিতে অন্যান্য রাজ্যের মতো বিশেষ ছাড় থাক। এর জন্য “ডোমিসাইল বি” র কোনো দরকার নেই।
৬) মেডিক্যালে ভর্তিতে “মপ আপ” রাউন্ডে স্বচ্ছতা প্রয়োজন।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google