কলকাতা: মার্চ পড়তেই আবহাওয়ার বড় পরিবর্তন৷ কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আবহাওয়ার বিরাট (Summer) পরিবর্তন দেখা গিয়েছে৷ শীতের শেষ আমেজ মিলিয়ে যেতে না যেতেই তাপমাত্রার পারদ দ্রুত চড়তে শুরু করেছে, যা সাধারণ মানুষের অস্বস্তি বাড়াচ্ছে৷ আবহাওয়াবিদদের মতে, চলতি মাসেই সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে৷ পরিস্থিতি এমনও হতে পারে যে রাজ্যের কিছু জেলায় গরমের তীব্রতা রাজস্থানের তাপমাত্রাকেও টক্কর দেবে।
দিনের বেলায় তাপমাত্রা দ্রুত বাড়ছে এবং রাতেও তেমন স্বস্তি মিলছে না৷ ইতিমধ্যেই বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান এলাকায় পারদের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে এবং আগামী কয়েক দিনে তা আরও বাড়তে পারে বলে মত আবহাওয়াবিদের পূর্বাভাস৷ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আগামী কয়েক দিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷ এর ফলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে৷
উত্তরবঙ্গেও আপাতত তাপমাত্রার বড় পরিবর্তন দেখা না গেলেও খুব শিগগিরই সেখানে পারদ বাড়তে পারে বলে পূর্বাভাস রয়েছে৷ অর্থাৎ রাজ্যের প্রায় সর্বত্রই ধীরে ধীরে গরমের প্রভাব বিস্তার করবে৷
কলকাতায় রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ২.৭ ডিগ্রি বেশি৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের চেয়ে ০.৬ ডিগ্রি বেশি৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বনিম্ন ৩৬ ও সর্বোচ্চ ৯১ শতাংশ৷ আজ অর্থাৎ সোমবার দিনের আকাশ পরিষ্কার থাকবে৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং ২৩ ডিগ্রির আশেপাশে থাকবে৷




















