কলকাতা: দেড় দশকের তৃণমূল জমানার অবসান ঘটিয়ে শনিবার বাংলার প্রশাসনিক ক্ষমতায় আসীন হচ্ছে বিজেপি। ব্রিগেডের ঐতিহাসিক ময়দানে এই মহেন্দ্রক্ষণের সাক্ষী থাকতে হাজির থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা। লক্ষাধিক মানুষের সমাগমের কথা মাথায় রেখে ইতিমধ্যেই কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ কড়া ট্রাফিক নির্দেশিকা জারি করেছেন। (Kolkata traffic advisory Brigade swearing in)
পণ্যবাহী যানে নিষেধাজ্ঞা
আগামিকাল ৯ মে ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত কলকাতা পুলিশ এলাকার মধ্যে সব ধরনের পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। তবে ওষুধ, দুধ, ফল, সবজি ও পেট্রোলিয়ামের মতো জরুরি পরিষেবার গাড়িগুলিকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে।
বন্ধ ও নিয়ন্ত্রিত থাকবে যেসব রাস্তা
শনিবার সারাদিন এসপ্ল্যানেড র্যাম্প, কেপি রোড, হাসপাতাল রোড, লাভার্স লেন, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ এবং কুইন্সওয়েতে সাধারণ যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। প্রয়োজনে ট্রাম চলাচলও সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে।
নো-পার্কিং জোন
শপথ গ্রহণ চলাকালীন ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বর, এজেসি বোস রোড (হেস্টিংস থেকে ক্যাথিড্রাল রোড), খিদিরপুর রোড ও সংলগ্ন এলাকাগুলিতে কোনো ধরনের পার্কিং করা যাবে না।
শহরবাসীকে ভিড় এড়াতে আগাম পরিকল্পনা করার পরামর্শ দিয়েছে লালবাজার। বিশেষ করে ময়দান ও ধর্মতলা সংলগ্ন এলাকাগুলিতে যাতায়াতের ক্ষেত্রে বিকল্প পথ ব্যবহারের কথা বলা হয়েছে।




















