বেঙ্গালুরু: শনিবার আইপিএল ২০২৬-এর ২৬তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রতিদ্বন্দ্বিতা করবে দিল্লি ক্যাপিটালস। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আয়োজিত এই প্রতিদ্বন্দ্বিতা শুরু দুপুর ৩:৩০ মিনিটে।
১৯তম আইপিএলে দুর্দান্ত ছন্দে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন বেঙ্গালুরু। গত পাঁচ ম্যাচের মধ্যে চারটিই জিতেছে রজত পাতিদারের দল। শুধু একটি ম্যাচ রাজস্থানের কাছে হেরেছে। এই মুহূর্তে ৮ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের দ্বিতীয় স্থানে বিরাজ করছে আরসিবি। আজকের ম্যাচ জিতে নিজেদের জায়গা ধরে রাখতে চাইবে আরসিবি।
আরও পড়ুন: সংকট পেরিয়ে চ্যাম্পিয়ন বাংলা, ভবিষ্যৎ নিয়ে আশাবাদী কোচ রঞ্জন ভট্টাচার্য
অন্যদিকে দিল্লি আইপিএল ২০২৬-এ জয় দিয়ে যাত্রা শুরু করলেও ধীরে ধীরে পিছিয়ে পড়ছে। গত চারটির মধ্যে প্রথম দুটি জিতেছে এবং পরের দুটি হেরেছে অক্ষর প্যাটেলের দল। আপাতত ৪ পয়েন্টে টেবিলের
ছয় নম্বরে দিল্লি ক্যাপিটালস। তাই বেঙ্গালুরুর মতো শক্তিশালী দলের বিরুদ্ধে জিতে টুর্নামেন্টে নিজেদের জায়গা প্রতিষ্ঠা করতে চাইবে দিল্লি।
আইপিএল ইতিহাসে এর আগে মোট তেত্রিশ বার একে অপরের বিপক্ষে লড়েছে বেঙ্গালুরু ও দিল্লি। যার মধ্যে উনিশবারই জিতেছে আরসিবি এবং দিল্লি জিতেছে বারো বার। তাছাড়া অমীমাংসিত একবার এবং ড্র একবার। চিন্নাস্বামী স্টেডিয়ামের পিচ ব্যাটসম্যানদের জন্য ভালো। তাই ঘরের মাঠের সুবিধাকে কাজে লাগিয়ে ফের একবার জিততে চাইবে বিরাট কোহলিরা।
আরও পড়ুন: গ্রাম থেকে ইস্টবেঙ্গল জার্সি, মন্দিরার স্বপ্নপূরণের অনুপ্রেরণার গল্প
গত পাঁচ ম্যাচের সবকটিতেই ২০০-এর উপর রান করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টপ অর্ডার থেকে মিডল অর্ডার – সকলেই ধারাবাহিকভাবে রান করছে। বোলিং বিভাগও স্বচ্ছল। এই ম্যাচে বিশেষ করে ভুবনেশ্বর কুমারের উপর নজর থাকবে, যেহেতু তিনি এখনো পর্যন্ত চিন্নাস্বামীতে সাতটি উইকেট নিয়েছেন। পাশাপাশি দিল্লি শিবিরের চিত্রটা ঠিক উল্টো। তাই বলা যায়, বিরাটদের বিরুদ্ধে জেতা সহজ হবে না দিল্লির পক্ষে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সম্ভাব্য একাদশ:
ফিল সল্ট, টিম ডেভিড, বিরাট কোহলি, রজত পাতিদার (অধিনায়ক), ক্রুনাল পান্ডিয়া, রোমারিও শেফার্ড, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ভুবনেশ্বর কুমার, রসিক সালাম দার, জোশ হ্যাজেলউড, সুয়শ শর্মা।
ইমপ্যাক্ট প্লেয়ার: দেবদত্ত পাডিক্কল।
দিল্লি ক্যাপিটালস সম্ভাব্য একাদশ:
পথুম নিসাঙ্কা, কেএল রাহুল (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল (অধিনায়ক), বিপ্রজ নিগম, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, আকিব নবী দার, লুঙ্গি এনগিডি, টি নটরাজন, কুলদীপ যাদব, মুকেশ কুমার।
ইমপ্যাক্ট প্লেয়ার: সমীর রিজভী।




















