কলকাতা: গতবার সকলকে টেক্কা দিয়ে আইলিগ চ্যাম্পিয়ন হিসেবে উঠে এসেছিল ইন্টার কাশী (Inter Kashi FC)। সেই সুবাদে এই নয়া সিজনে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে অংশ নিয়েছে বারাণসীর এই ফুটবল দল। সেক্ষেত্রে আগের তুলনায় লড়াই যে অনেকটাই কঠিন হবে তা জানা ছিল সকলের। তাই সবদিক মাথায় রেখেই দল সাজিয়েছিল ম্যানেজমেন্ট। এক্ষেত্রে গত কয়েক মাসে একের পর এক দাপুটে বিদেশি ফুটবলারদের দলে টানে এই ফুটবল ক্লাব। পাশাপাশি ভারতীয় ফুটবলার সই করানোর ক্ষেত্রেও ছিল চমক। তবে জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরু করার পরিকল্পনা থাকলেও সেটা বাস্তবায়িত হয়নি।
প্রথম ম্যাচেই পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছিল মানোলো মার্কেজের এফসি গোয়ার সঙ্গে। তারপর দ্বিতীয় ম্যাচেও দেখা গিয়েছিল একই ছবি। এবার ওডিশা এফসির সঙ্গে গোলশূন্য ড্র করেছিল আন্তোনিও লোপেজ হাবাসের ছেলেরা। যদিও তৃতীয় ম্যাচে এসেছিল বহুকাঙ্খিত জয়। তাঁরা পরাজিত করেছিল ডেভিড কাতলার শক্তিশালী কেরালা ব্লাস্টার্সকে। কিন্তু সেই জয় স্থায়ী ছিল না। শেষ দুইটি ম্যাচেই পরাজিত হতে হয়েছে ইন্টার কাশীকে। ওয়েন কোয়েলের জামশেদপুর এফসি হোক কিংবা পেট্র ক্র্যাটকির মুম্বাই সিটি এফসি।
আরও পড়ুন: এপ্রিলে নির্বাচন বঙ্গে, অনিশ্চিত আইএসএলে কলকাতা ডার্বি
লড়াই করেও আসেনি জয়। সেই ধাক্কা কাটিয়ে আজ নিজেদের পরবর্তী হোম ম্যাচে জয় সুনিশ্চিত করতে চাইছেন হাবাস। সূচি অনুসারে আজ সন্ধ্যায় কিশোর ভারতী স্টেডিয়ামে সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু এফসির বিপক্ষে খেলতে নামবে দল। তবে গত ম্যাচের মত এবারও ক্লোজড ডোর হিসেবেই এই ম্যাচ খেলতে নামছে বারাণসীর এই ক্লাব।




















