বিট্টু দত্ত, কলকাতা: দীর্ঘ বিরতির পর আবার শুরু হতে চলেছে দেশের সেরা মহিলা ফুটবল প্রতিযোগিতা ভারতীয় মহিলা লিগ। আগামী ২৭ এপ্রিল, সোমবার থেকে কলকাতায় শুরু হচ্ছে ২০২৫-২৬ মরসুমের দ্বিতীয় পর্ব। প্রথম দিনের ম্যাচেই মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং শ্রীভূমি। সন্ধ্যা সাতটায় ইস্টবেঙ্গল মাঠে গড়াবে সেই লড়াই। গত বছরের ২০ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত প্রথম পর্বে মোট ২৭টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এরপর প্রায় সাড়ে তিন মাস বন্ধ ছিল প্রতিযোগিতা।
আরও পড়ুন: ISL: মুম্বাই সিটির বিরুদ্ধে টপে ওঠার লড়াইয়ে মাঠে নামছে জামশেদপুর
জাতীয় দলের শিবির, সিনিয়র ও অনূর্ধ্ব-২০ দলের আন্তর্জাতিক প্রস্তুতি এবং এশিয়ার বড় প্রতিযোগিতার জন্য এই বিরতি নেওয়া হয়। ফলে দেশের সেরা ফুটবলারদের আন্তর্জাতিক দায়িত্ব পালনের সুযোগ মিলেছিল। এবার ২৭ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত চলবে দ্বিতীয় পর্ব। এই সময়ে আরও ২৯টি ম্যাচ খেলা হবে। লিগের আটটি দল দ্বিতীয় লেগে একে অপরের বিরুদ্ধে নামবে। প্রতিটি ম্যাচই এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শিরোপা জয় থেকে অবনমন— সবকিছুই নির্ভর করবে এই পর্বের ফলাফলের উপর।
আরও পড়ুন: ইউনিটি কাপে কবে ও কাদের বিপক্ষে নামছে ভারত?
ম্যাচগুলি হবে দুটি মাঠে, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের জাতীয় উৎকর্ষ কেন্দ্র এবং ইস্টবেঙ্গল মাঠে। প্রতিদিন বিকেল তিনটে ও সন্ধ্যা সাতটায় ম্যাচ শুরু হবে। ফলে দর্শকদের জন্যও থাকছে টানা ফুটবল উপভোগের সুযোগ। বর্তমানে ছয় ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। দুর্দান্ত ছন্দে থাকা লাল-হলুদ শিবির টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের পথে অনেকটাই এগিয়ে। অন্যদিকে অবনমনের আশঙ্কায় রয়েছে সেসা এবং কিকস্টার্ট।
আরও পড়ুন: বাংলার ফুটবলে VAR এলে স্বচ্ছতা বাড়বে নাকি কমবে খেলার গতি
যথাক্রমে এক ও ছয় পয়েন্ট নিয়ে তারা তালিকার নিচের দুই স্থানে রয়েছে।মরসুম শেষে সর্বাধিক পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন। আর সপ্তম ও অষ্টম স্থানে শেষ করা দুই দল নেমে যাবে দ্বিতীয় বিভাগে। সেখানে সেরা দুই দল পরের মরসুমে সুযোগ পাবে প্রথম বিভাগে ওঠার। ফলে শেষ পর্বে প্রতিটি ম্যাচেই থাকছে বাড়তি উত্তেজনা। কলকাতার মাটিতে তাই জমজমাট মহিলা ফুটবলের অপেক্ষা শুরু হয়ে গেল।




















