দীর্ঘদিনের জল্পনা আর অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কলকাতায় জোরকদমে শুরু হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের (Sourav Ganguly biopic) শুটিং। শহরের বুকে সেই শুটিং ঘিরে এখন তুমুল উৎসাহ ক্রীড়াপ্রেমী থেকে সাধারণ মানুষের মধ্যে। বুধবার লেসলি ক্লডিয়াস সরণি সংলগ্ন ইস্টবেঙ্গল ক্লাব ও এরিয়ান ক্লাব চত্বরে দেখা গেল সেই উন্মাদনার ছবি। মাঠে কোনও খেলা না থাকলেও সকাল থেকেই এলাকায় ছিল ভিড় আর কৌতূহলের আবহ। কারণ, সেখানে চলছিল ‘দাদা’ ছবির গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। তাঁকে এদিন দেখা গেল একেবারে মহারাজের আদলে। ক্রিকেটারের পোশাকে, চুলের স্টাইলে এবং শরীরী ভাষায় সৌরভকে ফুটিয়ে তোলার চেষ্টা ছিল স্পষ্ট। যদিও নির্মাতাদের পক্ষ থেকে তাঁর লুক গোপন রাখার জন্য ছিল কড়া নিরাপত্তা। প্রতিটি দৃশ্যের শুটিং শেষ হওয়ার পরই রাজকুমারকে বড় ছাতার আড়ালে দ্রুত ভ্যানিটি ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছিল, যাতে কেউ ছবি তুলতে না পারেন। তবুও কৌতূহলী দর্শক ও স্থানীয়দের মোবাইল ক্যামেরা এড়িয়ে যাওয়া সম্ভব হয়নি। ভ্যানিটি ভ্যান থেকে ক্লাবে ঢোকার সময় তাঁর কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
রাজকুমার রাওকে সৌরভের লুকে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন নেটিজেনরা। অনেকে মন্তব্য করেন, তাঁর চেহারা ও অভিব্যক্তিতে ফুটে উঠেছে তরুণ সৌরভের ছাপ। বিশেষ করে ক্রিকেট মাঠে হাঁটার ধরন এবং পোশাকের স্টাইল দর্শকদের মনে করিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ককে।
এরিয়ান ক্লাবকে শুটিং লোকেশন হিসেবে বেছে নেওয়ার পেছনেও রয়েছে বিশেষ কারণ। এই মাঠের গ্যালারির নীচেই রয়েছে দুখিরাম ক্রিকেট কোচিং সেন্টার, যেখানে ছোটবেলায় ক্রিকেটের প্রাথমিক শিক্ষা নিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ফলে এই জায়গার সঙ্গে সৌরভের আবেগ এবং স্মৃতি গভীরভাবে জড়িয়ে রয়েছে। সেই কারণেই বাস্তবের সঙ্গে মিল রেখে এখানেই শুটিং করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।
এই বায়োপিকের নাম রাখা হয়েছে ‘দাদা’। ছবিটি প্রযোজনা করছেন লাভরঞ্জন এবং পরিচালনার দায়িত্বে রয়েছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। সৌরভ গঙ্গোপাধ্যায়কে ক্রীড়াপ্রেমীরা ‘দাদা’ নামেই চেনেন। তাই তাঁর জীবনকাহিনির ছবির এমন নামকরণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।
কয়েকদিন আগেই বেহালায় সৌরভের বাড়িতে শুরু হয়েছিল ছবির শুটিং। সেখানে তাঁর বাবা চণ্ডীদাস গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায় এবং মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় রয়েছেন অপরাজিতা আঢ্য। অন্যদিকে, স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে তানিয়া মানিকতল্লাকে। জানা গিয়েছে, আগামী কয়েকদিন ধরে কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে, এমনকি ইডেন গার্ডেন্সেও চলবে ছবির শুটিং। তবে এরিয়ান ক্লাবে রাজকুমার রাওয়ের ‘দাদা’ অবতার ইতিমধ্যেই দর্শকদের আগ্রহ আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।



















