আজ সুপ্রিম কোর্টে ফের SIR শুনানি, সওয়াল করবেন মমতা?

কলকাতা: পশ্চিমবঙ্গের বিশেষ ভোটার তালিকা সংশোধন বা SIR মামলার শুনানি আজ, সোমবার সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হতে চলেছে। দুপুর ২টো নাগাদ প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন…

কলকাতা: পশ্চিমবঙ্গের বিশেষ ভোটার তালিকা সংশোধন বা SIR মামলার শুনানি আজ, সোমবার সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হতে চলেছে। দুপুর ২টো নাগাদ প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন এজলাসে এই মামলার শুনানি হওয়ার কথা। একই সঙ্গে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা পৃথক মামলাটিরও শুনানি হওয়ার কথা রয়েছে, যা নিয়ে রাজনৈতিক ও আইনি মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। গত বুধবারের শুনানিতে নজিরবিহীনভাবে মুখ্যমন্ত্রী স্বয়ং শীর্ষ আদালতে উপস্থিত হয়ে নিজের রাজ্যের অবস্থান তুলে ধরেছিলেন।

নির্বাচন কমিশনের হলফনামায় চাঞ্চল্যকর অভিযোগ

গত সপ্তাহের শুনানির পরিপ্রেক্ষিতে জাতীয় নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে একটি হলফনামা জমা দিয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হলফনামায় রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে SIR-এর শুনানিকেন্দ্রগুলি পঞ্চায়েত স্তর থেকে সরিয়ে নেওয়ার আর্জি জানানো হয়েছে। কমিশন স্পষ্টভাবে উল্লেখ করেছে যে, রাজ্যস্তরের আধিকারিক, যেমন- বিএলও (BLO) এবং মাইক্রো অবজার্ভাররা কাজ করার সময় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এর আগে শীর্ষ আদালত কমিশনকে নির্দেশ দিয়েছিল, পদবিগত বা বানানের ভুলের কারণে যে সব নাম ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ তালিকাভুক্ত হয়েছে, সেগুলির ক্ষেত্রে কী করণীয় তা জানাতে।

   

মমতার সওয়াল ও নতুন আইনি বিতর্ক Supreme Court India SIR case

গত বুধবারের শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি আদালতে উপস্থিত হয়ে সওয়াল করে কমিশনকে ‘হোয়াইটঅ্যাপ কমিশন’ বলে কটাক্ষ করেছিলেন। বানান ভুলের কারণে যেন প্রকৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ না যায়, তা নিশ্চিত করার দাবি জানিয়েছিলেন তিনি। তবে, মুখ্যমন্ত্রীর সরাসরি আদালতে উপস্থিত হয়ে সওয়াল করার সাংবিধানিক ও আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তুলে একটি নতুন মামলা দায়ের হয়েছে। এই পরিস্থিতিতে আজ মমতা বন্দ্যোপাধ্যায় ফের সওয়াল করবেন কি না, এবং আদালত কমিশনের হলফনামার পরিপ্রেক্ষিতে কী নির্দেশ দেয়, সেদিকেই তাকিয়ে বাংলা।