বেঙ্গালুরু: শিশুদের স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়া আসক্তি রুখতে কড়া পদক্ষেপ নিল কর্নাটক সরকার। শুক্রবার রাজ্য বাজেট পেশ করার সময় মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ঘোষণা করেন, রাজ্যে ১৬ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে। দেশের মধ্যে কর্নাটকই প্রথম এই ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত নিল। এর আগে অন্ধ্রপ্রদেশ ও গোয়া এমন ভাবনাচিন্তা শুরু করলেও বাস্তবায়নের পথে প্রথম হাঁটল কর্নাটকই।
দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল
দীর্ঘদিন ধরেই কর্নাটক সরকারের অন্দরে এই বিষয়ে আলোচনা চলছিল। রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়্গে থেকে শুরু করে স্বাস্থ্যমন্ত্রী, সকলেই শিশুদের অতিরিক্ত স্ক্রিন টাইম, মানসিক স্বাস্থ্যের অবনতি এবং সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
বিশ্বজুড়ে অস্ট্রেলিয়া, ব্রিটেন বা ফ্রান্সের মতো দেশগুলিও শিশুদের সোশ্যাল মিডিয়া ও ক্লাসরুমে মোবাইল ব্যবহার নিয়ন্ত্রণে কড়া হচ্ছে। তবে বিশেষজ্ঞদের মতে, পুরোপুরি নিষেধাজ্ঞা কার্যকর করা অত্যন্ত কঠিন এবং এটিই একমাত্র সমাধান নয়। ভারতের অর্থনৈতিক সমীক্ষাতেও (২০২৫-২৬) স্মার্টফোন আসক্তিকে ঘুমের সমস্যা ও মানসিক চাপের কারণ হিসেবে তুলে ধরা হয়েছে।
শিশুদের শিক্ষা ও সৃজনশীলতা social media ban under 16
বিশেষজ্ঞরা সতর্ক করছেন, সাইবার ক্রাইম, ব্যক্তিগত ডেটা চুরি বা অনলাইন প্রলোভনের ঝুঁকি যেমন আছে, তেমনই ইন্টারনেট শিশুদের শিক্ষা ও সৃজনশীলতারও অন্যতম মাধ্যম। পুরোপুরি নিষিদ্ধ করলে কিশোর-কিশোরীরা ভিপিএন (VPN) বা ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে নজরদারির বাইরে থাকা আরও বিপজ্জনক প্ল্যাটফর্মের দিকে ঝুঁকতে পারে। তাই ঢালাও নিষেধাজ্ঞার বদলে কড়া প্যারেন্টাল কন্ট্রোল, প্রাইভেসি সুরক্ষা এবং ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধির ওপর জোর দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কর্নাটক সরকার এই নির্দেশিকা কীভাবে কার্যকর করে, এখন সেদিকেই তাকিয়ে গোটা দেশ।



















