সিকিমে নির্মীয়মাণ সুড়ঙ্গে ধস, মিথেন গ্যাস লিক হয়ে মৃত অন্তত ৭ শ্রমিক

গ্যাংটক: সিকিমের নামচি জেলার সামারদুংয়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত সাতজন শ্রমিক। সোমবার বিকেলে একটি নির্মীয়মাণ সুড়ঙ্গে হঠাৎ ধস নামায় সেখানে বহু শ্রমিক আটকে…

গ্যাংটক: সিকিমের নামচি জেলার সামারদুংয়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত সাতজন শ্রমিক। সোমবার বিকেলে একটি নির্মীয়মাণ সুড়ঙ্গে হঠাৎ ধস নামায় সেখানে বহু শ্রমিক আটকে পড়েন। ধসের জেরে সুড়ঙ্গের ভেতরে ভূগর্ভস্থ মিথেন গ্যাস লিক করায় উদ্ধারকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গ্যাস লিকের কারণে বেশ কয়েকজন উদ্ধারকর্মীও অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর। এই পরিস্থিতিতেও রাতভর অভিযান চালিয়ে সাতটি মৃতদেহ উদ্ধার করেছে প্রশাসন।

কীভাবে ঘটেছিল দুর্ঘটনা?

জানা গিয়েছে, এনএইচপিসি (NHPC)-র স্টেজ সিক্স প্রকল্পের অংশ হিসেবে সিকিমের পাকিয়াং ও নামচি জেলার সংযোগকারী সামডুঙ এলাকায় টানেল নির্মাণের কাজ চলছিল। সোমবার বিকেলে আচমকাই সুড়ঙ্গের ভেতরে ধস নামে। সুড়ঙ্গের মুখ সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় ভিতরে থাকা বহু শ্রমিক, গাড়ি ও খননযন্ত্র আটকে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে পাকিয়াং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

উদ্ধারে বড় বাধা মিথেন গ্যাস

প্রশাসন সূত্রে খবর, ধস নামার পরেই সুড়ঙ্গের ভূগর্ভস্থ মিথেন গ্যাস লিক করতে শুরু করে। প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে গ্যাস জমে যাওয়ায় উদ্ধারকারী দলের সদস্যরা সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করতে গিয়ে বাধার মুখে পড়েন। বিষাক্ত গ্যাসের কারণে উদ্ধারকর্মীদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। তবে ঝুঁকি নিয়েই এনডিআরএফ (NDRF), পুলিশ, দমকল এবং অন্যান্য উদ্ধারকারী সংস্থার যৌথ দল যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

আটকে বহু শ্রমিক

সুড়ঙ্গের ভেতরে ঠিক কতজন শ্রমিক আটকে রয়েছেন, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো পরিসংখ্যান দিতে পারেনি প্রশাসন। তবে আশঙ্কা করা হচ্ছে, এখনও অন্তত ২৭ জন শ্রমিক ভেতরে আটকে থাকতে পারেন। প্রবল বর্ষণ এবং নতুন করে ধস নামার আশঙ্কার কারণে উদ্ধারকাজে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সুড়ঙ্গের ভিতরের বাতাসের গুণমান পরীক্ষা করে ধাপে ধাপে উদ্ধারকারী দলগুলোকে ভেতরে পাঠানো হচ্ছে।

ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুল্যান্স, চিকিৎসক দল এবং জরুরি চিকিৎসা পরিষেবা প্রস্তুত রাখা হয়েছে। আটকে থাকা বাকি শ্রমিকদের দ্রুত ও নিরাপদে উদ্ধার করতে সমস্ত প্রশাসনিক শক্তি নিয়োগ করা হয়েছে।

জোরকদমে দল গঠন! ইমামির বিদায়ের পর ইস্টবেঙ্গলের ভরসা জুপিটার,