তিরুবনন্তপুরম: “সীমান্তের ওপার থেকে কোনওরকম দুঃসাহস দেখানোর চেষ্টা হলে, তার পরিণতি হবে নজিরবিহীন এবং চূড়ান্ত!” কেরলের তিরুবনন্তপুরমে দাঁড়িয়ে পড়শি পাকিস্তানকে ঠিক এই ভাষাতেই কড়া হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পাশাপাশি তিনি মনে করিয়ে দেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে এনডিএ সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে অবিচল রয়েছে এবং থাকবে৷
‘অপারেশন সিঁদুর’ এবং কড়া বার্তা
বৃহস্পতিবার তিরুবনন্তপুরমে ভারতীয় সেনার বীর জওয়ানদের সম্মানজ্ঞাপন অনুষ্ঠানে যোগ দিয়ে রাজনাথ সিং গত মাসে পহেলগাঁও-এর জঙ্গি হামলার প্রসঙ্গ তুলে ধরেন। কড়া ভাষায় তিনি বলেন, “পহেলগাঁও জঙ্গি হামলার পর ‘অপারেশন সিঁদু’-এর মাধ্যমে মাত্র ২২ মিনিটে পাকিস্তানকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছিল ভারতীয় সেনা। ভারতের সামরিক ইতিহাসে সন্ত্রাস দমনের এটি সবচেয়ে বড় অভিযান। এই অভিযান কিন্তু এখনও শেষ হয়নি। যদি ওপার থেকে কোনওরকম অশান্তি পাকানোর চেষ্টা হয়, তবে শুধু যোগ্য জবাব নয়, ভারতের পদক্ষেপ হবে নজিরবিহীন।”
নিশানায় ইউপিএ জমানা Rajnath Singh warning Pakistan
সন্ত্রাস দমন ইস্যুতে পূর্বতন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের বিরুদ্ধেও এদিন তীব্র আক্রমণ শানান প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, “ইউপিএ জমানায় প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও জঙ্গি হামলা বা বিস্ফোরণের খবর আসত। তৎকালীন সরকারের জবাব কী ছিল? তারা শুধু মোটা মোটা ডসিয়ার ধরিয়ে দিত, কিন্তু কাজের কাজ কিছুই হত না।”
পশ্চিম এশিয়া সঙ্কট ও জ্বালানি নিরাপত্তা
বর্তমানে আমেরিকা-ইজরায়েলের সঙ্গে ইরানের তীব্র যুদ্ধ চলছে, যেখানে পাকিস্তান অন্যতম মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়ার চেষ্টা করছে। যুদ্ধের জেরে বিশ্বজুড়ে তেলের বাজারে যখন চরম অস্থিরতা, তখন দেশবাসীকে আশ্বস্ত করে প্রতিরক্ষামন্ত্রী জানান, পশ্চিম এশিয়ায় বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করতে সরকার সবরকম প্রয়োজনীয় পদক্ষেপ করছে। তিনি স্পষ্ট জানান, দেশে গ্যাস বা জ্বালানির কোনও ঘাটতি নেই এবং ভারত যে কোনও এনার্জি ক্রাইসিস মোকাবিলা করতে সম্পূর্ণ প্রস্তুত।
এই ইস্যুতে বিরোধীদের ‘সঙ্কীর্ণ রাজনীতি’র তীব্র সমালোচনা করে রাজনাথ বলেন, “এখন দলগত রাজনীতি করার সময় নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সর্বোচ্চ কূটনৈতিক দক্ষতার মাধ্যমে ভারতের স্বার্থ রক্ষা করে চলেছেন, তাই সব রাজনৈতিক দলের উচিত এখন দেশের স্বার্থে একজোট হওয়া।”




















