নয়াদিল্লি: পহেলগাঁও জঙ্গি হামলার রক্তাক্ত স্মৃতির প্রথম বর্ষপূর্তিতে নিহতদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (X)-এ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি স্পষ্ট জানান, ভারত কোনও অবস্থাতেই সন্ত্রাসের কাছে মাথা নোয়াবে না।
মোদীর বার্তা ও সেনার কড়া হুঁশিয়ারি
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, “গত বছর ঠিক এই দিনে পহেলগাঁও-এ ভয়াবহ হামলায় যে নিরীহ প্রাণগুলি ঝরে গিয়েছিল, তাঁদের স্মরণ করছি। তাঁদের আত্মত্যাগ কখনও ভোলার নয়… গোটা দেশ আজ শোকে ও সঙ্কল্পে ঐক্যবদ্ধ।”
প্রধানমন্ত্রীর এই বার্তার ঠিক আগেই কড়া হুঁশিয়ারি দিয়েছে ভারতীয় সেনা। ‘অপারেশন সিঁদুর’-এর একটি প্রতীকী গ্রাফিক্স পোস্ট করে সেনার হুঙ্কার, “মানবতার সীমা অতিক্রম করলে, তার জবাব হবে চূড়ান্ত। ন্যায়বিচার সবসময় সুনিশ্চিত করা হবে।”
নারকীয় হামলা ও ভারতের যোগ্য জবাব Pahalgam terror attack anniversary
গত বছর ২২ এপ্রিল৷ দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁও-এ ধর্ম পরিচয় বেছে বেছে ২৫ জন পর্যটক এবং এক স্থানীয় ঘোড়াচালক আদিল শাহকে তাঁদের পরিবারের সামনেই ব্রাশফায়ারে ঝাঁঝরা করে দিয়েছিল জঙ্গিরা।
এই নারকীয় গণহত্যার বদলা নিতে ৭ মে ‘অপারেশন সিঁদুর’ শুরু করে ভারত। পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে ৯টি বড় লঞ্চপ্যাড গুঁড়িয়ে খতম করা হয় ১০০-র বেশি জঙ্গিকে। টানা ৪ দিন ধ্বংসলীলার পর ইসলামাবাদের কাতর আর্জিতে ১০ মে যুদ্ধবিরতি হয়। পরবর্তীতে ‘অপারেশন মহাদেব’-এর মাধ্যমে পহেলগাম হামলার তিন মূল চক্রীকেও নিকেশ করে ভারতীয় সশস্ত্র বাহিনী।
লিডার নদীর তীরে স্মৃতিসৌধ
নিহতদের স্মরণে পহেলগাঁও বৈসরন উপত্যকায়, লিডার নদীর তীরে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। কালো মার্বেলের ওই সৌধে খোদাই করা রয়েছে নিহত ২৬ জনের নাম। বর্ষপূর্তির এই দিনটিতে যে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোটা পহেলগাঁও মুড়ে ফেলা হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে।




















