নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার কড়া জবাব দিতে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) চালিয়েছিল ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে (PoK) ঢুকে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল একাধিক জঙ্গি ঘাঁটি। এই সামরিক অভিযানে শহিদ হওয়া ৬ ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যের নাম এই প্রথমবার প্রকাশ্যে আনল সরকার। নয়াদিল্লির জাতীয় যুদ্ধ স্মারকের (National War Memorial) ওয়েবসাইটে ‘রোল অফ অনার’-এ এবং যুদ্ধ স্মারকের ‘ওয়াল থ্রি-ডি’-তে ২০২৫ সালের শহিদদের তালিকায় এই বীর জওয়ানদের নাম খোদাই করে তাঁদের প্রতি সর্বোচ্চ সম্মান জানানো হয়েছে। (Operation Sindoor six martyrs names revealed)
শহিদ ৬ বীর সেনানি কারা?
জাতীয় যুদ্ধ স্মারকে যে ৬ জন সশস্ত্র বাহিনীর সদস্যের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, তাঁরা হলেন-সুবেদার মেজর পবন কুমার (ভারতীয় সেনা), রাইফেলম্যান সুনীল কুমার, বীর চক্র (ভারতীয় সেনা), ল্যান্স নায়েক দীনেশ কুমার (ভারতীয় সেনা), এভিয়েশন টেকনিশিয়ান মুদ মুরালিনায়েক (ভারতীয় সেনা), হাবিলদার সুনীল কুমার সিং (ভারতীয় সেনা), সার্জেন্ট সুরেন্দ্র কুমার, বায়ু সেনা পদক (ভারতীয় বায়ুসেনা)৷
২০২৫ সালের মে মাসে চার দিন ধরে চলা এই সংঘাতের সময় ভারতীয় জওয়ানদের শহিদ হওয়ার খবর সামনে এলেও, সরকারিভাবে এত দিন তাঁদের পরিচয় গোপন রাখা হয়েছিল। এবার তাঁদের আত্মবলিদানকে জনসমক্ষে সরকারি স্বীকৃতি দিল কেন্দ্র।
কী এই ‘অপারেশন সিঁদুর’?
২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও-এ ভয়াবহ জঙ্গি হামলা হয়। এই বর্বরোচিত হামলায় ২৬ জন নিরীহ সাধারণ নাগরিক প্রাণ হারান। এর যোগ্য জবাব দিতেই ওই বছর ৭ মে ‘অপারেশন সিঁদুর’ শুরু করে ভারত।
এই অপারেশনে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে থাকা জঙ্গি পরিকাঠামোর ওপর ভয়াবহ আঘাত হানে। প্রত্যাঘাতের চেষ্টা করেছিল পাকিস্তানও। কিন্তু ভারতের সামরিক ঘাঁটিতে পাকিস্তানের ড্রোন, মিসাইল এবং সীমান্ত পেরিয়ে হামলার সমস্ত চেষ্টাই সফলভাবে রুখে দেয় ভারতীয় সেনা। উলটে ভারতের পাল্টা মারে পাকিস্তানের নুর খান এয়ার বেস (Nur Khan Air Base) এবং রহিম ইয়ার খান এয়ার বেস-সহ (Rahim Yar Khan Air Base) একাধিক গুরুত্বপূর্ণ বায়ুসেনা ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
দুই দেশের মধ্যে চরম এই সামরিক সংঘাত চলে টানা চার দিন। অবশেষে ১০ মে, ভারত ও পাকিস্তান পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে এই সামরিক অভিযান বন্ধ করার কথা ঘোষণা করে এবং পরিস্থিতি শান্ত হয়।


