
বিজেপির সাংগঠনিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ রদবদলের ইঙ্গিত মিলল সোমবার। নয়াদিল্লিতে বিজেপির কেন্দ্রীয় সদর দফতরে আনুষ্ঠানিকভাবে দলের ন্যাশনাল ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বিহারের মন্ত্রী ও বিজেপি নেতা নীতিন নবীন। দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা-সহ দলের শীর্ষ নেতৃত্ব।
সর্বসম্মতিক্রমে নীতিন নবীনকে এই পদে নিয়োগ
রবিবার বিজেপির পার্লামেন্টারি বোর্ড সর্বসম্মতিক্রমে নীতিন নবীনকে এই পদে নিয়োগ করে। দলীয় সূত্রের মতে, অবিলম্বে কার্যকর হওয়া এই নিয়োগ বিজেপির ভবিষ্যৎ সাংগঠনিক রূপরেখার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে নেতৃত্বের সম্ভাব্য রূপান্তরের সময়কালে নীতিন নবীনের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
দায়িত্ব গ্রহণের পর দলের নেতা-কর্মীদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে নীতিন নবীন বলেন, “আমার মতো একজন সাধারণ কর্মীর উপর এত বড় দায়িত্ব অর্পণ করা হয়েছে। সংগঠনের জন্য নিরলস কাজ করাই বিজেপির মূল মন্ত্র। সংগঠন সর্বদা নিষ্ঠা ও পরিশ্রমকে স্বীকৃতি দেয়।”
নবীন বিহার সরকারের পূর্ত দফতরের মন্ত্রী Nitin Nabin BJP Working President
বর্তমানে নীতিন নবীন বিহার সরকারের পূর্ত দফতরের (PWD) মন্ত্রী। পাশাপাশি তিনি পাটনার ব্যাঙ্কিপুর বিধানসভা কেন্দ্রের পাঁচবারের নির্বাচিত বিধায়ক। প্রয়াত বিজেপি নেতা ও প্রাক্তন বিধায়ক নবীন কিশোর প্রসাদ সিনহার পুত্র নীতিন নবীন মাত্র ২৬ বছর বয়সে, ২০০৬ সালে উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে সক্রিয় রাজনীতিতে পা রাখেন।
দলীয় সূত্রে জানানো হয়েছে, দীর্ঘদিনের আরএসএস সংযোগ এবং আদর্শগত দৃঢ়তার জন্য নীতিন নবীনকে একজন সংগঠনকেন্দ্রিক নেতা হিসেবেই দেখা হয়। বিহার সরকারের মন্ত্রী হিসেবে তাঁর প্রশাসনিক অভিজ্ঞতা এবং ছত্তীসগঢ়ের বিজেপি ইন-চার্জ হিসেবে কাজ করার অভিজ্ঞতা তাঁর সাংগঠনিক দক্ষতার প্রমাণ বলে দাবি করছে বিজেপির শীর্ষ নেতৃত্ব।
নিয়োগের ঘোষণা করতে গিয়ে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং জানান, পার্লামেন্টারি বোর্ড সর্বসম্মতভাবে নীতিন নবীনকে ন্যাশনাল ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছে।
নবীনের প্রশংসায় মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীতিন নবীনকে অভিনন্দন জানিয়ে এক্স (পূর্বতন টুইটার)-এ লেখেন, তিনি একজন “পরিশ্রমী কার্যকর্তা”, যাঁর শক্তি ও সংগঠনিক অভিজ্ঞতা দলকে আরও মজবুত করবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তাঁকে উদ্ভাবনী চিন্তাভাবনাসম্পন্ন দায়িত্বশীল নেতা বলে উল্লেখ করেন। অমিত শাহ বলেন, নীতিন নবীনের এই পদোন্নতি সারা দেশের বিজেপি কর্মীদের অনুপ্রাণিত করবে।
বিজেপি সভাপতি জে পি নাড্ডাও নীতিন নবীনকে শুভেচ্ছা জানিয়ে বলেন, তাঁর নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী হবে। উল্লেখ্য, ২০২৪ লোকসভা নির্বাচনের সময় নাড্ডার মেয়াদ বৃদ্ধি করে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
পাটনায় ফিরে প্রতিক্রিয়া জানিয়ে নীতিন নবীন এই দায়িত্ব দলীয় কর্মীদের উৎসর্গ করেন। তিনি বলেন, “এই স্বীকৃতি এসেছে আমাদের কর্মীদের সম্মিলিত পরিশ্রম থেকে। দলের জন্য আন্তরিকভাবে কাজ করলে নেতৃত্ব তা অবশ্যই লক্ষ্য করে।”
রাঁচিতে জন্ম নেওয়া, বর্তমানে ঝাড়খণ্ডের বাসিন্দা নীতিন নবীন কায়স্থ সম্প্রদায়ের মানুষ। বিজেপি যুব মোর্চার সঙ্গেও দীর্ঘদিন যুক্ত থাকা এই নেতা দলের অন্যতম কনিষ্ঠ ন্যাশনাল ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। তিনি বিবাহিত এবং দুই সন্তানের পিতা।










