
নয়াদিল্লি: ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের আবহে বিশ্বজুড়ে শান্তির বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের (Alexander Stubb) সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, সামরিক সংঘাত দিয়ে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়; একমাত্র আলোচনা ও কূটনীতির মাধ্যমেই বিশ্বে শান্তি ফেরানো সম্ভব।
যুদ্ধ নয়, প্রয়োজন আলোচনা
বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, “আজ বিশ্ব এক চরম অস্থিরতা ও অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে। ইউক্রেন থেকে মধ্যপ্রাচ্য, বিশ্বের একাধিক প্রান্তে সংঘাত অব্যাহত। ভারত ও ফিনল্যান্ড উভয় দেশই আইনের শাসন, আলোচনা এবং কূটনীতিতে বিশ্বাসী। আমরা একমত যে, শুধুমাত্র সামরিক শক্তি দিয়ে কোনো সমস্যার সমাধান হতে পারে না। ইউক্রেন হোক বা মধ্যপ্রাচ্য, সংঘাতের দ্রুত অবসান এবং শান্তি প্রতিষ্ঠার সবরকম প্রচেষ্টাকে আমরা পূর্ণ সমর্থন করে যাব।”
তিনি আরও জোর দিয়ে বলেন যে, ফিনল্যান্ডের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে ভারত সর্বদা আন্তর্জাতিক আইন, পারস্পরিক আলোচনা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর ভিত্তি করে সমাধানের পথ খুঁজবে।
প্রযুক্তি ও বাণিজ্যে কৌশলগত অংশীদারিত্ব Narendra Modi peace message
ভারত ও ফিনল্যান্ডের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত সম্পর্কের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী ২০২৬ সালের শুরুতে স্বাক্ষরিত ঐতিহাসিক ‘ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি’ (India-EU Free Trade Agreement)-র কথা বিশেষভাবে তুলে ধরেন। তিনি জানান, এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিগত আদানপ্রদান আরও জোরদার হবে।
মোদী বলেন, “আমরা ভারত-ফিনল্যান্ড সম্পর্ককে ডিজিটালাইজেশন এবং স্থিতিশীলতার ক্ষেত্রে একটি কৌশলগত অংশীদারিত্বে রূপ দিচ্ছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) থেকে সিক্স-জি (6G) টেলিকম, ক্লিন এনার্জি (Clean Energy) থেকে কোয়ান্টাম কম্পিউটিং, উচ্চ প্রযুক্তির একাধিক ক্ষেত্রে এই অংশীদারিত্ব আমাদের পারস্পরিক সহযোগিতায় নতুন গতি ও শক্তি জোগাবে।”
পরিবেশ রক্ষা ও বিশ্বমঞ্চে সংস্কার
বিশ্বব্যাপী স্থিতিশীলতা এবং কূটনীতির গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “একটি সুস্থ ও সুরক্ষিত পৃথিবী আমাদের অভিন্ন অগ্রাধিকার। আমরা অত্যন্ত আনন্দিত যে, এ বছর ফিনল্যান্ডের সঙ্গে যৌথভাবে ভারত ‘ওয়ার্ল্ড সার্কুলার ইকোনমি ফোরাম’ (World Circular Economy Forum) আয়োজন করতে চলেছে। এটি আমাদের পরিবেশ রক্ষায় নতুন ধারণা ও গতি আনবে।”
এর পাশাপাশি বর্তমান আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বস্তরের প্রতিষ্ঠানগুলির দ্রুত সংস্কারের প্রয়োজনীয়তা এবং সন্ত্রাসবাদ নির্মূল করার ক্ষেত্রে দুই দেশের সম্মিলিত অঙ্গীকারের কথাও মনে করিয়ে দেন তিনি।
মোদীর মুখে ‘ট্রায়াথলন’-এর রূপক
দ্বিপাক্ষিক সহযোগিতার প্রসঙ্গে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট স্টাবের ‘আয়রনম্যান ট্রায়াথলন’ (Ironman Triathlon) সাফল্যের ভূয়সী প্রশংসা করেন মোদী। দুই দেশের আগামীর পথচলাকে এর সঙ্গে তুলনা করে তিনি বলেন, “আমরা আত্মবিশ্বাসী যে আপনার মতো একজন উদ্যমী নেতার উপস্থিতিতে, ভারত ও ফিনল্যান্ড আগামী দিনে উদ্ভাবন (Innovation), ডিজিটাল এবং স্থিতিশীলতার (Sustainability) এক নতুন ‘ট্রায়াথলন’ অর্জন করবে।”

