নয়াদিল্লি: দেশজুড়ে এলপিজি (LPG) গ্রাহকদের জন্য বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার৷ পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে গ্যাস রিফিল পেতে হলে বায়োমেট্রিক আধার যাচাইকরণ অর্থাৎ ই-কেওয়াইসি (E-KYC) বাধ্যতামূলক করা হয়েছে৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, জ্বালানি সংকট এবং ভর্তুকি ব্যবস্থাকে স্বচ্ছ করতে এই নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে৷ বিশেষ করে পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে প্রভাব পড়ায় কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে৷
গ্রাহকদের জন্য ই-কেওয়াইসি প্রক্রিয়াটি সহজ করা হয়েছে৷ এখন ইন্ডিয়ান অয়েল, এইচপি গ্যাস এবং ভারত গ্যাসের অফিসিয়াল মোবাইল অ্যাপের মাধ্যমে বাড়িতে বসেই এই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব৷ এছাড়া আধার ফেসআরডি অ্যাপ ব্যবহার করেও মোবাইলের মাধ্যমে দ্রুত পরিচয় যাচাই করা যাবে৷
যেসব গ্রাহক অনলাইনে ই-কেওয়াইসি করতে পারছেন না, তারা নিকটবর্তী গ্যাস ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট বা আইরিস স্ক্যানের মাধ্যমে যাচাই সম্পন্ন করতে পারবেন৷ মন্ত্রণালয় জানিয়েছে, এই প্রক্রিয়ার জন্য বাধ্যতামূলকভাবে ডিস্ট্রিবিউটরের কাছে যাওয়ার প্রয়োজন নেই, তবে বিকল্প হিসেবে এই সুবিধা রাখা হয়েছে৷
সরকার স্পষ্ট করে জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে ই-কেওয়াইসি সম্পন্ন না করলে এলপিজি রিফিল পরিষেবা ব্যাহত হতে পারে৷ পাশাপাশি গ্রাহকদের ভর্তুকিও স্থগিত হতে পারে৷ ফলে সময়মতো যাচাই সম্পন্ন করা অত্যন্ত জরুরি৷




















