
নয়াদিল্লি: রাজ্যের ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াকে (SIR) চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সেই মামলার শুনানিতে খোদ মুখ্যমন্ত্রী শীর্ষ আদালতে উপস্থিত থাকতে পারেন বলে সূত্রের খবর। নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ এবং ভোটার তালিকায় ‘অসংগতি’র অভিযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই আইনি লড়াই এখন দেশীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে।
সশরীরে হাজির থাকতে পারেন মুখ্যমন্ত্রী
আগামীকাল, ৪ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের কম্পিউটারাইজড কজ-লিস্টে ‘মমতা বন্দ্যোপাধ্যায় বনাম নির্বাচন কমিশন’ মামলাটি তালিকাভুক্ত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় জেড প্লাস (Z+) ক্যাটাগরির নিরাপত্তা পান, তাই তাঁর সফরের জন্য ইতিপূর্বেই সুপ্রিম কোর্টের নিরাপত্তা শাখা থেকে প্রয়োজনীয় ছাড়পত্র নেওয়া হয়েছে বলে খবর। রাজনৈতিক মহলের মতে, খোদ মুখ্যমন্ত্রীর উপস্থিতি এই মামলার গুরুত্বকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ Mamata Banerjee may appear before SC
গত ২৮ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) প্রক্রিয়ার বৈধতাকে চ্যালেঞ্জ করে পিটিশন দাখিল করেন। তাঁর অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে কমিশন স্বৈরাচারী ও পক্ষপাতদুষ্ট আচরণ করছে। মুখ্যমন্ত্রীর দাবি, এই বিশেষ প্রক্রিয়ার জেরে রাজ্যজুড়ে প্রবল হয়রানির শিকার হয়েছেন সাধারণ মানুষ এবং এতে অন্তত ১৪০ জনের মৃত্যু হয়েছে।রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট (জনপ্রতিনিধিত্ব আইন)-এর তোয়াক্কা না করেই এই কাজ চালানো হচ্ছে।
মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে প্রশ্ন
মুখ্যমন্ত্রী তাঁর অভিযোগে আরও জানিয়েছেন, দেশের নির্বাচনী ইতিহাসে প্রথমবার শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য ৮,১০০ জন ‘মাইক্রো অবজারভার’ নিয়োগ করেছে কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, কোনো প্রশিক্ষণ বা বিশেষ দক্ষতা ছাড়াই এই পর্যবেক্ষকদের নিয়োগ করা হয়েছে, যা সম্পূর্ণ নিয়মবহির্ভূত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
রাজনৈতিক গুরুত্ব
বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা নিয়ে এই সংঘাত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বুধবার সুপ্রিম কোর্ট এই প্রক্রিয়ার ওপর কোনো স্থগিতাদেশ দেয় কি না বা কমিশনের কাছে কৈফিয়ত তলব করে কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্য। যদি শুনানি শুরু হয়, তবে ব্যক্তিগতভাবে বেঞ্চের সামনে উপস্থিত হয়ে নিজের বক্তব্য তুলে ধরতে পারেন মমতা।













