মুম্বই: মহারাষ্ট্রের (Maharashtra) সোলাপুর জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ৮ জন তীর্থযাত্রী। রবিবার সন্ধ্যায় মালশিরাস তহসিলের তান্দুলওয়াড়ি গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান রাস্তার ধারের কুয়োয় পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটিতে মোট ১৫ জন যাত্রী ছিলেন। প্রাথমিক তদন্তে অনুমান, চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় সেটি রাস্তা ছেড়ে সরাসরি কুয়োয় গিয়ে পড়ে। সোলাপুরের পুলিশ সুপার অতুল কুলকার্নি জানান, মৃতদের মধ্যে চারজন মহিলা এবং চারজন শিশু রয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দল। কুয়োর ভিতর থেকে আহতদের উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে। উদ্ধারকারী দল গাড়িটিকেও কুয়ো থেকে তোলার কাজ শুরু করেছে।
পুলিশ জানিয়েছে, গাড়ির সমস্ত যাত্রীই পাঁধরপুর অঞ্চলের রঞ্জনি গ্রামের বাসিন্দা। তাঁরা একসঙ্গে তীর্থযাত্রায় বেরিয়েছিলেন। এই দুর্ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একাধিক পরিবার তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন।
রাজনৈতিক নেতা রোহিত পাওয়ার এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন। পাশাপাশি আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।
ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে গাড়িটি রাস্তা ছেড়ে কুয়োয় পড়ে গেল, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত এগোলে আরও তথ্য সামনে আসবে বলে জানিয়েছে প্রশাসন।





