বারাণসী: পবিত্র কাশীধামে ভক্তদের যাতায়াত আরও সহজ করতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে উত্তরপ্রদেশ সরকার। (Kashi Vishwanath)শহরের প্রাচীন দালমন্ডি এলাকায় রাস্তা প্রশস্তকরণ প্রকল্পের অধীনে রবিবার থেকে ফের ভাঙন অভিযান শুরু হতে চলেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারী নিরাপত্তা ব্যবস্থার মধ্যে পরবর্তী পর্যায়ে ৩০টিরও বেশি ভবন ভাঙা হবে।
এই প্রকল্পের মাধ্যমে দালমন্ডি-চৌক পুলিশ স্টেশন সংলগ্ন রাস্তাটিকে ১৭.৪ মিটার চওড়া করা হবে, যাতে কাশী বিশ্বনাথ মন্দিরের গেট নম্বর ৪-এ সরাসরি প্রবেশাধিকার সহজ হয়।দালমন্ডি বারাণসীর একটি ঐতিহ্যবাহী ও ঘনবসতিপূর্ণ বাজার। শত শত বছর ধরে এখানে দোকানপাট, বাসিন্দাদের বাড়ি ও ছোটখাটো ব্যবসা চলে আসছে। কিন্তু কাশী বিশ্বনাথ করিডর প্রকল্পের অংশ হিসেবে ৬৫০ মিটার লম্বা এই রাস্তা প্রশস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট ১৮৭টি ভবন চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে অনেকগুলোতে ১,০০০-এরও বেশি দোকান রয়েছে।
আরও দেখুনঃ লিটারে ১০ টাকা শুল্ক কমাল কেন্দ্র! পাম্পে কতটা সস্তা হল পেট্রল-ডিজেল?
প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ২২৪ কোটি টাকা। ইতিমধ্যে কিছু ভবনের মালিকদের সঙ্গে আলোচনা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এবং কয়েকটি ভবন ভাঙা হয়েছে। এবার পরবর্তী ধাপে আরও ৩০টির বেশি ভবন ভাঙার প্রস্তুতি চলছে।প্রশাসনের দাবি, এই প্রকল্প শুধু রাস্তা চওড়া করা নয়, বরং লক্ষ লক্ষ শিবভক্ত ও পর্যটকদের সুবিধার্থে। বর্তমানে সরু গলিপথ দিয়ে ভক্তদের ভিড় সামলানো কঠিন হয়ে পড়ে। বিশেষ করে শ্রাবণ মাস বা অন্যান্য উৎসবে যখন কাঁবড়িয়া যাত্রা চলে, তখন এই রাস্তায় প্রচণ্ড ভিড় হয়।
নতুন প্রশস্ত রাস্তা চালু হলে ভক্তরা আরও স্বাচ্ছন্দ্যে মন্দিরে পৌঁছাতে পারবেন। এছাড়া পর্যটন বাড়বে, হোটেল-হোমস্টে ব্যবসার সুযোগ তৈরি হবে এবং কাশীর সামগ্রিক উন্নয়ন ঘটবে।তবে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে এই ভাঙন নিয়ে উদ্বেগ ও অসন্তোষ রয়েছে। অনেকে বলছেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা ব্যবসা হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে। ক্ষতিপূরণ নিয়ে অভিযোগও উঠেছে।
কেউ কেউ দাবি করছেন, সময় কম দেওয়া হয়েছে জিনিসপত্র সরানোর জন্য। প্রশাসন অবশ্য জানিয়েছে, শুধুমাত্র যেসব মালিক ক্ষতিপূরণ গ্রহণ করেছেন এবং নথিপত্র সম্পন্ন করেছেন, তাদের ভবনই ভাঙা হচ্ছে। পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (পিডব্লিউডি), বারাণসী ডেভেলপমেন্ট অথরিটি (ভিডিএ) এবং পৌরসভার যৌথ উদ্যোগে কাজ চলছে।



















