নয়াদিল্লি: পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে (PoJK) অনুষ্ঠিত তথাকথিত বিধানসভা নির্বাচনকে পাকিস্তানের অবৈধ দখলদারিত্ব আড়াল করার চেষ্টা বলে কড়া ভাষায় আক্রমণ করল ভারত। মঙ্গলবার নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এই নির্বাচন শুধুই একটি ‘কসমেটিক ইলেক্টোরাল এক্সারসাইজ’ বা লোক দেখানো ভোট প্রক্রিয়া।
তিনি স্পষ্ট করে বলেন, জম্মু, কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য ও অবিচ্ছিন্ন অংশ। PoJK-এ চলমান গণবিক্ষোভের প্রসঙ্গ টেনে রণধীর জয়সওয়ালের দাবি, পাকিস্তানের অর্থনৈতিক শোষণ, মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা এবং প্রশাসনিক নিপীড়নের ফলেই সেখানে মানুষ রাস্তায় নেমেছেন।
সার্ক (SAARC) প্রসঙ্গে প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, ভারত বরাবরই দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার পক্ষে। তবে দক্ষিণ এশিয়ার সবাই জানেন, কোন দেশ এবং তাদের কোন কার্যকলাপ সার্কের অগ্রগতিকে বারবার বাধাগ্রস্ত করেছে। তাঁর মন্তব্য, আঞ্চলিক সহযোগিতার জন্য সদিচ্ছা অপরিহার্য।
Also Read | নেপালের প্রধানমন্ত্রী ভারত বিরোধী বালেন শাহকে ভারতে ডেকে কূটনীতির বড় চাল মোদীসরকারের
পাকিস্তানের Gen Z-কে নিয়ে এক প্রশ্নের উত্তরে রণধীর জয়সওয়াল বলেন, পাকিস্তান বহু দশক ধরে ভারতের বিরুদ্ধে সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে মদত দিয়ে আসছে, যা সকলেরই জানা। ভারতের মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্মও, এই রাষ্ট্রপৃষ্ঠপোষক সন্ত্রাসবাদের অবসান চায় বলে তিনি মন্তব্য করেন।
সিন্ধু সভ্যতা (Indus Valley Civilization) নিয়ে পাকিস্তানের দাবি সম্পর্কেও কড়া প্রতিক্রিয়া জানায় ভারত। জয়সওয়াল বলেন, যে দেশ দীর্ঘদিন ধরে সীমান্তপারের সন্ত্রাসবাদ, ধর্মীয় মৌলবাদ এবং হিংসাকে উৎসাহ দিয়েছে, তারা কোনও বহুত্ববাদী সাংস্কৃতিক ঐতিহ্যের দাবি করতে পারে না। সংখ্যালঘুদের সুরক্ষা এবং সাংস্কৃতিক অধিকারের ক্ষেত্রে পাকিস্তানের অতীত রেকর্ড অত্যন্ত খারাপ বলেও তিনি উল্লেখ করেন।
ইউক্রেনের ওডেসা বন্দরে MV AGN Ragnar জাহাজে হামলার প্রসঙ্গে তিনি জানান, জাহাজে থাকা চার ভারতীয় নাগরিকের মধ্যে দু’জন নিরাপদে রয়েছেন, তবে দু’জন এখনও নিখোঁজ। তাঁদের খোঁজে উদ্ধার অভিযান চলছে এবং ভারত সরকার স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। নিখোঁজ ভারতীয়দের পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে বলে জানান তিনি।
Also Read | বিদেশ যাওয়ার জন্য অভিষেকের আদালতে দেওয়া সার্টিফিকেট জাল! দাবি মেডিকেল কাউন্সিলের
চীনের সঙ্গে সীমান্ত বাণিজ্য প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, গত বছর দুই দেশ লিপুলেখ, শিপকি লা এবং নাথু লা, এই তিনটি নির্ধারিত বাণিজ্য পথ পুনরায় চালুর বিষয়ে সম্মত হয়েছে।
পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির প্রত্যর্পণ প্রসঙ্গে রণধীর জয়সওয়াল জানান, যুক্তরাজ্যে এখনও কিছু বিচারিক প্রক্রিয়া চলছে। সেই আইনি প্রক্রিয়া শেষ হলে প্রত্যর্পণের কাজ এগিয়ে যাবে। তিনি বলেন, ভারত সরকারের অবস্থান স্পষ্ট, সমস্ত পলাতক অপরাধীকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করা হবে।





