নয়াদিল্লি: পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে অবরুদ্ধ হরমুজ প্রণালী পুনরায় খোলা নিয়ে ব্রিটেনের নেতৃত্বে আয়োজিত এক মেগা ভার্চুয়াল বৈঠকে যোগ দিল ভারত। ৬০টিরও বেশি দেশের উপস্থিতিতে আয়োজিত এই আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। সামুদ্রিক বাণিজ্যের ক্ষেত্রে এই সঙ্ঘাতে বিশ্বব্যাপী একমাত্র ভারতীয় নাবিকদেরই প্রাণ গিয়েছে বলে বৈঠকে গভীর উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি।
ভারতের কড়া বার্তা ও অবস্থান
বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, বৈঠকে বিদেশ সচিব স্পষ্ট জানান যে, এই চরম সঙ্কট থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হল উত্তেজনা প্রশমন এবং সংশ্লিষ্ট সমস্ত পক্ষের মধ্যে সুস্থ কূটনৈতিক আলোচনা। ভারতের শক্তি বা জ্বালানি নিরাপত্তার ওপর এই সঙ্ঘাতের মারাত্মক প্রভাবের কথাও তুলে ধরেন তিনি। ভারতের ডিরেক্টরেট জেনারেল অফ শিপিংয়ের তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালীতে বিদেশি বাণিজ্যিক জাহাজের ওপর হামলায় এখনও পর্যন্ত অন্তত তিন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। এই প্রসঙ্গ টেনেই আক্ষেপের সুরে মিশ্রি জানান, বণিক জাহাজে হামলায় একমাত্র ভারতই তাদের নাগরিকদের হারিয়েছে। পাশাপাশি সমুদ্রে অবাধ ও নিরাপদ নেভিগেশনের অধিকার সুনিশ্চিত করার ওপরও জোর দেয় নয়াদিল্লি।
বৈঠক এড়িয়ে গেল আমেরিকা India Hormuz Strait crisis
এই মেগা বৈঠকের একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিক হল আমেরিকার অনুপস্থিতি। আন্তর্জাতিক মহলের মতে, ইরানের ওপর হামলা চালানোর ক্ষেত্রে ব্রিটেন ওয়াশিংটনকে সাহায্য না করায় তীব্র ক্ষুব্ধ আমেরিকা। আর সেই কূটনৈতিক ক্ষোভের জেরেই ব্রিটেনের ডাকা এই বৈঠক এড়িয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
সফল ভারতের কূটনৈতিক দৌত্য
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জ্বালানি করিডোরটিতে স্থিতিশীলতা ফেরাতে আন্তর্জাতিক দেশগুলির পাশাপাশি নিজস্ব স্তরেও দৌত্য চালিয়ে যাচ্ছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বাণিজ্যিক জাহাজগুলির অবাধ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিশেষ করে ইরানের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখছে নয়াদিল্লি। ভারতের এই কূটনৈতিক প্রয়াস ইতিমধ্যেই ফল দিতে শুরু করেছে। জয়সওয়াল জানান, “গত কয়েকদিন ধরে চলা এই আলোচনার সুবাদেই ইতিমধ্যেই ছ’টি ভারতীয় জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করতে পেরেছে।”




















