দ্বিতীয় ইনিংস: অসমে দ্বিতীয় দফায় মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন হিমন্ত, সঙ্গে ৪ মন্ত্রী

গুয়াহাটি: অসমে জয়ের হ্যাটট্রিক করল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ (NDA)। আর সেই জয়ের কারিগর হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার টানা দ্বিতীয় মেয়াদে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন। এই প্রথম অসমের ...

By Moumita Biswas

Published:

Follow Us
Himanta Biswa Sarma sworn in as Assam Chief Minister for second term

গুয়াহাটি: অসমে জয়ের হ্যাটট্রিক করল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ (NDA)। আর সেই জয়ের কারিগর হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার টানা দ্বিতীয় মেয়াদে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন। এই প্রথম অসমের কোনো অ-কংগ্রেসি নেতা পরপর দু’বার মুখ্যমন্ত্রী পদে বসার নজির গড়লেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সহ এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। (Himanta Biswa Sarma sworn in as Assam Chief Minister for second term)

মন্ত্রিসভার প্রথম চার

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গেই এদিন আরও চারজন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাঁরা হলেন- অজন্তা নেওগ (ষষ্ঠবারের বিধায়ক এবং প্রাক্তন অর্থমন্ত্রী), রামেশ্বর তেলি (প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং বর্ষীয়ান নেতা), অতুল বরা (অসম গণ পরিষদের সভাপতি), চরণ বড়ো (বোড়ো ল্যান্ড পিপলস ফ্রন্টের নেতা)৷

   

রেকর্ড ব্যবধানে জয়

এবারের বিধানসভা নির্বাচনে ১২৬টি আসনের মধ্যে ১০২টি আসনে জয়লাভ করেছে এনডিএ জোট। বিজেপি একাই পেয়েছে ৮২টি আসন। অন্যদিকে, প্রধান বিরোধী দল কংগ্রেসের আসন সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৯-এ। এই বিপুল ম্যান্ডেট পাওয়ার পর হিমন্ত জানিয়েছেন, তাঁর ‘মডেল ৩.০’ অসমকে দেশের অন্যতম উন্নত রাজ্যে পরিণত করবে।

মা কামাখ্যার আশীর্বাদ ও সংকল্প

শপথ নেওয়ার আগে মঙ্গলবার ভোরেই মা কামাখ্যা মন্দিরে পুজো দেন হিমন্ত। পরে এক্স (X) হ্যান্ডেলে তিনি লেখেন, “অসমের শান্তি, প্রগতি ও সমৃদ্ধির জন্য কাজ করাই আমাদের একমাত্র লক্ষ্য।” এদিন শপথ মঞ্চ থেকেই জানানো হয়, প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি রঞ্জিত কুমার দাস বিধানসভার পরবর্তী স্পিকার হিসেবে মনোনীত হয়েছেন।

উন্নয়নের রূপরেখা

দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার পরই হিমন্ত বড়সড় ঘোষণা করেছেন। ১০ লক্ষ যুবককে ৫ লক্ষ টাকা করে উদ্যোগপতি ভাতা দেওয়া এবং চা বাগান শ্রমিকদের দৈনিক মজুরি ধাপে ধাপে ৫০০ টাকায় উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছে তাঁর সরকার। এছাড়াও ৫ লক্ষ বিঘা জমিও দখলদার মুক্ত করার কথা জানিয়েছেন তিনি।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google