নয়াদিল্লি: ধূমপায়ীদের জন্য দুঃসংবাদ। ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া অতিরিক্ত আবগারি শুল্কের জেরে দেশজুড়ে সিগারেটের দাম একলাফে অনেকটা বেড়ে গেল। পকেটে টান দিয়ে এখন থেকে ১০টি স্টিকের এক প্যাকেট সিগারেটের জন্য অন্তত ২২ থেকে ২৫ টাকা বেশি গুনতে হবে সাধারণ মানুষকে। প্রিমিয়াম ব্র্যান্ডের ক্ষেত্রে এই দাম বৃদ্ধির পরিমাণ প্যাকেটে ৫০ থেকে ৫৫ টাকা পর্যন্ত।
কোন সিগারেটের দাম কত বাড়ছে?
বাজেট পরবর্তী এই নতুন কর কাঠামোর জেরে বাজারচলতি জনপ্রিয় ব্র্যান্ডগুলোর দামের তালিকা বদলে যাচ্ছে৷ এক নজরে দেখে নেওয়া যাক কতটা বাড়ছে সিগারেটের দাম
উইলস নেভি কাট (৭৬ মিমি): ৯৫ টাকার ১০ স্টিকের প্যাকেটের দাম বেড়ে হবে প্রায় ১২০ টাকা।
উইলস ক্লাসিক, গোল্ড ফ্লেক লাইটস (৮৪ মিমি): ১৭০ টাকার প্যাকেটের দাম বেড়ে হতে পারে ২২০ থেকে ২২৫ টাকা।
স্লিম সিগারেট (ক্লাসিক কানেক্ট): ২০ স্টিকের ৩০০ টাকার প্যাকেট পৌঁছাতে পারে ৩৫০ টাকায়।
কেন এই দাম বৃদ্ধি? cigarette price hike India
গত ডিসেম্বরেই সংসদে পান মশলা ও তামাকজাত পণ্যের ওপর অতিরিক্ত সেস এবং শুল্ক বসানোর প্রস্তাব অনুমোদিত হয়েছিল। রবিবার থেকেই তা কার্যকর হয়েছে। নতুন নিয়মে ছোট বড় সব ধরনের সিগারেটের ওপর ৪ শতাংশ জিএসটির পাশাপাশি প্রতি স্টিকে ২ থেকে ৮.৫০ টাকা পর্যন্ত অতিরিক্ত শুল্ক চাপানো হয়েছে। ফলে ডিস্ট্রিবিউটররা পুরনো স্টকও নতুন বাড়তি দামে রিটেলারদের কাছে বিক্রি করতে শুরু করেছেন।
স্মাগলিংয়ের আশঙ্কা ডিস্ট্রিবিউটরদের এই চড়া দাম বৃদ্ধির ফলে তামাকজাত পণ্যের চোরাচালান বা জাল পণ্যের রমরমা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে অল ইন্ডিয়া কনজিউমার প্রোডাক্টস ডিস্ট্রিবিউটর ফেডারেশন (AICPDF)। সংস্থার সভাপতি ডি পাতিল জানান, এমনিতেই ই-কমার্স সাইটগুলোর চাপে ছোট দোকানদাররা কোণঠাসা। এই পরিস্থিতিতে বৈধ তামাকজাত পণ্যের দাম এত বাড়লে অসাধু কারবারিরা সক্রিয় হবে, যা সাধারণ খুচরো ব্যবসায়ীদের রুজি-রোজগারে বড় ধাক্কা দিতে পারে।
উল্লেখ্য, আপাতত অনেক সংস্থাই পুরনো স্টকের বিলিং আটকে নতুন দামের অপেক্ষায় রয়েছে। মাস শেষ হওয়ার আগেই নতুন এমআরপি (MRP) লেখা প্যাকেট বাজারে চলে আসবে বলে আশা করা হচ্ছে।




















