নয়াদিল্লি: রিমোটের ক্লিকেই মাঝরাস্তায় দাঁড়িয়ে যাচ্ছে ই-রিকশা! আর এই অচল গাড়ি সচল করার বিনিময়ে চালকদের কাছে দাবি করা হচ্ছে মোটা অঙ্কের টাকা। চিনা অ্যাপ ‘ব্যাট-বিএমএস’ (BAT-BMS)-এর বিরুদ্ধে এমন মারাত্মক অভিযোগ ওঠার পরেই আসরে নামল কেন্দ্র। নিরাপত্তা ও জনস্বার্থের কথা মাথায় রেখে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপটিকে সরিয়ে ফেলার নির্দেশ দিল ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক। (BAT-BMS app removed from Google Play and Apple App Store)
ঠিক কী অভিযোগ?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় চালকরা অভিযোগ করছেন, কোনো কারণ ছাড়াই তাঁদের লিথিয়াম ব্যাটারি চালিত ই-রিকশাগুলো আচমকা কাজ করা বন্ধ করে দিচ্ছে। অভিযোগ, ‘ব্যাট-বিএমএস’ নামক অ্যাপটি ব্যবহার করে রিমোটের মাধ্যমে হ্যাকার বা প্রতারকরা গাড়িগুলো লক করে দিচ্ছে। উত্তরপ্রদেশের মোরাদাবাদে এক চালকের কান্নার ভিডিও ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে যায়। একই ধরনের অভিযোগে উজ্জয়িনীতে এক ব্যক্তিকে গ্রেপ্তারও করেছে পুলিশ। তার বিরুদ্ধে অ্যাপ ব্যবহার করে ই-রিকশা আটকে টাকা আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে।
অ্যাপটি আসলে কী?
প্রযুক্তি বিশেষজ্ঞরা জানিয়েছেন, ‘ব্যাট-বিএমএস’ অ্যাপটি মূলত ই-রিকশার ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমের (BMS) সঙ্গে ব্লুটুথের মাধ্যমে সংযুক্ত থাকে। ব্যাটারির স্বাস্থ্য পরীক্ষা বা চার্জের অবস্থা দেখার জন্য এটি ব্যবহৃত হয়। কিন্তু অভিযোগ, এই অ্যাপের নিরাপত্তায় মারাত্মক ফাঁক রয়েছে, যার সুযোগ নিচ্ছে প্রতারকরা।
নিরাপদ কি বৈদ্যুতিক গাড়িগুলি?
ই-রিকশার এই ঘটনার পর সাধারণ বৈদ্যুতিক গাড়ি (ইভি) নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। তবে টাটা মোটরসের একটি লাইভ ডেমোনেস্ট্রেশনে দেখা গিয়েছে, বৈদ্যুতিক চারচাকা গাড়িগুলো এই ধরনের হ্যাকিংয়ের কবলে পড়ার সম্ভাবনা প্রায় নেই। সংস্থার দাবি, ইভির বিএমএস সিস্টেম ক্লোজড-লুপ ও এনক্রিপ্টেড হওয়ায় সেখানে বাইরের হস্তক্ষেপ সম্ভব নয়।
কী জানাচ্ছে সরকার?
ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক (MeitY) জানিয়েছে, শুধু ‘ব্যাট-বিএমএস’ নয়, একই ধরনের নিরাপত্তা ত্রুটি থাকা আরও একটি অ্যাপ সরিয়ে ফেলা হয়েছে। মন্ত্রকের এক আধিকারিক বলেন, “সুরক্ষা ও অপব্যবহারের সম্ভাবনা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, তাই পুরো বিষয়টি এখন কড়া নজরদারিতে রাখা হয়েছে।”
ই-রিকশা চালক ও মালিকদের জন্য সরকারের পরামর্শ, অপরিচিত কোনো অ্যাপ ইনস্টল করবেন না এবং ব্যাটারির নিরাপত্তার ক্ষেত্রে শুধুমাত্র নির্মাতা সংস্থার অনুমোদিত পদ্ধতিই মেনে চলুন।


