নয়াদিল্লি: ভারত-নেপাল সীমান্তে অবৈধভাবে প্রবেশের চেষ্টার অভিযোগে আটক এক মার্কিন নাগরিক। ধৃতের নাম জর্ডন ব্রাউন (৩৬)। নিজেকে ক্যালিফোর্নিয়ার বাসিন্দা বলে দাবি করা ওই ব্যক্তিকে গত শনিবার উত্তরপ্রদেশের সোনৌলি সীমান্তে এসএসবি (SSB) জওয়ানরা আটক করে। প্রয়োজনীয় ভ্রমণ নথি ছাড়াই সীমান্ত পার হওয়ার চেষ্টার সময় তাঁকে হাতেনাতে ধরা হয়।
পুলিশ সূত্রে খবর, সোনৌলি সীমান্তের মেইনহোয়া এলাকায় নিয়মিত টহলদারি চলাকালীন জওয়ানরা তাঁকে আটকায়। প্রথমে পালানোর চেষ্টা করলেও ধাওয়া করে তাঁকে ধরে ফেলা হয়। মহারাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ জানান, জেরায় ব্রাউন জানিয়েছেন তিনি থাইল্যান্ডে পর্যটক হিসেবে গিয়ে পাসপোর্ট হারিয়ে ফেলেন। পরে সমুদ্রপথে শ্রীলঙ্কা হয়ে গত বছরের নভেম্বরে ভারতে প্রবেশ করেন এবং দীর্ঘদিন গোয়ায় ছিলেন।
ধৃতের কাছ থেকে উদ্ধার হওয়া সামগ্রী নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে। তল্লাশিতে তাঁর কাছে একটি চিনা পাসপোর্ট, একটি এআই অনুবাদক যন্ত্র, নেপালি মুদ্রা, কিছু ধর্মীয় বই এবং ব্যক্তিগত ডায়েরি পাওয়া গিয়েছে। একজন মার্কিন নাগরিকের কাছে চিনা পাসপোর্ট থাকা এবং দীর্ঘ সময় ভারতে নথিপত্র ছাড়া থাকার বিষয়টি গোয়েন্দাদের ভাবাচ্ছে।
এই মুহূর্তে কেন্দ্রীয় গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলি ধৃতকে দফায় দফায় জেরা করছে। তবে এখনও পর্যন্ত ব্রাউনের বিরুদ্ধে কোনো সরাসরি দেশবিরোধী কার্যকলাপের যোগসূত্র পাওয়া যায়নি বলে দাবি প্রশাসনের। তাঁর দেওয়া পরিচয়, ভ্রমণের দাবি এবং নথিপত্রহীন ভাবে ভারতে প্রবেশের কারণগুলি প্রতিটি খুঁটিনাটি যাচাই করে দেখছেন তদন্তকারীরা। সোনৌলি থানায় ইমিগ্রেশন ও ফরেনার্স অ্যাক্টের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। ধৃতের আসল উদ্দেশ্য এবং এই অদ্ভুত সফরসূচির নেপথ্যে কোনো বড় চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে মার্কিন দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
লোকসভায় এনসিপিআই-এর দলনেতা সুদীপ, মুখ্য সচেতক কাকলি
এখন থেকে ফর্ম ৬ এ দিতে হবে বাবা মায়ের বিস্তারিত SIR তথ্য! নির্দেশ কমিশনের





