অস্ত্র থেকে ব্রহ্মোস: ইন্দোনেশিয়ার সঙ্গে সামরিক চুক্তিতে বড় ইনিংস মোদীর

নয়াদিল্লি: ইন্দোনেশিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বর্তমান রাষ্ট্রীয় সফর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন মাইলফলক হয়ে উঠতে চলেছে। মঙ্গলবার জাকার্তায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তোর…

নয়াদিল্লি: ইন্দোনেশিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বর্তমান রাষ্ট্রীয় সফর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন মাইলফলক হয়ে উঠতে চলেছে। মঙ্গলবার জাকার্তায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী। এই সফর ঘিরে প্রতিরক্ষা, নির্বাচনী প্রযুক্তি, খনিজ সম্পদ এবং সামুদ্রিক সহযোগিতার মতো পাঁচটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বড় ঘোষণার সম্ভাবনা তৈরি হয়েছে, যা দুই দেশের ‘কমপ্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’-কে আরও সুদৃঢ় করবে বলে মনে করছে কূটনৈতিক মহল।

এদিন সফরে গিয়ে একগুচ্ছ কৌশলগত পরিকল্পনা সামনে এনেছে নয়াদিল্লি। যার মধ্যে অন্যতম হল প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতার প্রসার। ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যের পর ইন্দোনেশিয়া এবার ভারতের তৈরি আকাশ-থেকে-আকাশে নিক্ষেপযোগ্য ‘অস্ত্র’ (Astra) মিসাইল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি, দুই দেশ তাদের ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইলের ভাণ্ডার সম্প্রসারণের বিষয়েও ঐকমত্যে পৌঁছেছে, যেখানে ভারত জাকার্তাকে অতিরিক্ত মিসাইল ব্যাটারি সরবরাহ করবে।

প্রতিরক্ষার বাইরেও প্রযুক্তির আদান-প্রদান এবং খনিজ সম্পদে ভারত ও ইন্দোনেশিয়ার যৌথ উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ। ভারতের নির্বাচন ব্যবস্থাপনার উৎকর্ষের ওপর আস্থা রেখে, ইন্দোনেশিয়ার জন্য বিশেষ ইভিএম (EVM) তৈরিতে ভারত কারিগরি সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে, শিল্পায়নের গতি বাড়াতে ইস্পাত, নিকেল এবং বিরল মৃত্তিকা চুম্বক (Rare earth magnets) তৈরিতে ইন্দোনেশিয়ায় বিপুল বিনিয়োগের পথ প্রশস্ত করতে চলেছে ভারত, যা ভবিষ্যতে দুই দেশেরই অর্থনৈতিক ও পরিবেশগত লক্ষ্য পূরণে সহায়ক হবে।

সামুদ্রিক নিরাপত্তার প্রশ্নে ভারত ও ইন্দোনেশিয়ার এই মৈত্রী এখন ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূ-রাজনীতিতে অন্যতম চর্চার বিষয়। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবং বন্দরটি যৌথভাবে উন্নয়নের সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ, যা মালাক্কা প্রণালী সংলগ্ন এলাকায় ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করবে। সব মিলিয়ে, প্রধানমন্ত্রীর এই সফর কেবল বাণিজ্যিক চুক্তি নয়, বরং ভারতের ‘অ্যাক্ট ইস্ট’ নীতি এবং ‘মহাসাগর’ (MAHASAGAR) ভিশনকে বাস্তবায়িত করার পথে এক সুদূরপ্রসারী পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।

২০০৮ আহমেদাবাদ বিস্ফোরণ মামলা: ৩৮ জনের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট

মোদী সফরে চমক! ইন্দনেশিয়ার নির্বাচনে স্বচ্ছতা আনতে ব্যবহার হবে ‘মেড ইন ইন্ডিয়া’ EVM