কলকাতা: সপ্তাহ কয়েক আগেই ভোটের (WB Assembly Election) দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী এবার সামনেই রয়েছে পশ্চিমবঙ্গ সহ আসাম, কেরালার মত মোট পাঁচ রাজ্যের বিধানসভা ভোট। কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী এপ্রিল মাসে মোট ২৯৪ টি আসনে হতে চলেছে নির্বাচন। ২৩ এবং ২৯ শে এপ্রিল অর্থাৎ দুইটি দফার মধ্য দিয়ে সংগঠিত হবে এবারের এই ভোট। প্রথম দফায় ১৫২টি ও দ্বিতীয় দফায় থাকছে ১৪২টি আসন। ভোটের বাদ্যি বাজতেই তড়িঘড়ি করে প্রার্থী তালিকা ঘোষণা করেছে প্রতিটি রাজনৈতিক দল। যেখানে দাপুটে রাজনৈতিক নেতা-নেত্রীর পাশাপাশি স্থান পেয়েছে বহু তারকা।
পরিকল্পনা অনুযায়ী চমক দেওয়ার চেষ্টা করেছে প্রতিটি দল। বাদ যায়নি ক্রীড়া জগত। স্বপ্না বর্মন থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল। এবারের নির্বাচনে শাসক দলের তুরুপের তাস হতে চলেছেন এই দুজন। কিন্তু শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, এবার দেশের প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট তথা ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচ পরিচালন কারীকে মিনাখাঁ থেকে প্রার্থী করল বাম সমর্থিত ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট তথা আইএসএফ। তিনি প্রতীক মন্ডল। গত ২০১০ সালে সিএফএল অর্থাৎ ক্যালকাটা ফুটবল লিগের মধ্যে দিয়ে রেফারি হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন প্রতীক।
পরবর্তী সময় আইলিগের ম্যাচে ও দায়িত্ব পান এই বাঙালি রেফারি। তারপর গত ২০১৮ সাল থেকে দেশে প্রথম ডিভিশন লিগের ম্যাচ পরিচালনার দায়িত্ব আসে তাঁর উপর। ধীরে ধীরে কেটে গিয়েছে অনেকটা সময়। একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচের দায়িত্ব পালন করেছেন তিনি। এবারের এই বিধানসভা নির্বাচনে মিনাখাঁর এই ভূমিপুত্র উপরেই ভরসা রাখল নওশাদ সিদ্দিকীর দল। যারফলে এবার ফুটবল ময়দান থেকে ভোটের ময়দানের নতুন চ্যালেঞ্জ নিতে চলেছেন বাংলার এই রেফারি।




















