পঞ্চমীর দুপুরে পাতে রাখুন নারকেল, চিংড়ি সহযোগে মোচার ঘন্ট

আজ চতুর্থী, রাত পোহালেই পঞ্চমী। সকলেই এই পূজোর কয়দিন বাড়িতে রকমারি রান্না করে খেতে পছন্দ করেন। তাই এবার পুজো স্পেশাল বানিয়ে নিন নারকেল, চিংড়ি দিয়ে মোচার ঘন্ট। যা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

আজ চতুর্থী, রাত পোহালেই পঞ্চমী। সকলেই এই পূজোর কয়দিন বাড়িতে রকমারি রান্না করে খেতে পছন্দ করেন। তাই এবার পুজো স্পেশাল বানিয়ে নিন নারকেল, চিংড়ি দিয়ে মোচার ঘন্ট। যা খেয়ে আপনার বাড়ির লোকেরা পাত চেটে খাবে।

এই রেসিপিটি বানাতে আপনার প্রয়োজন বেশ কয়েকটি উপকরণ। তা হল, ১টি মোচা, ২৫০ গ্রাম চিংড়ি মাছ, ৪ টি আলু, ১০ টি কাঁচা লঙ্কা, ২ টেবিল চামচ নারকেল কোরা, ২ টেবিল চামচ নারকেল কুচি, ১ চা চামচ আদা বাটা, ১/২ চা চামচ জিরের গুঁড়ো, ৪ টি তেজপাতা, ২ টি শুকনো লঙ্কা, ২ টি এলাচ, ২ টি লবঙ্গ, ২ টি দারচিনি, ১/৪ চা চামচ গোটা সাদা জিরে, ১/২ চা চামচ ঘি, ১/২ চা চামচ গরম মসলা গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন, মিষ্টি, ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো গোটা ধনে, পরিমান মতো হিং।

   

প্রথমে হাতে সরষের তেল মেখে মোচা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে কুচিয়ে নিন। তারপর প্রেসার কুকারের মধ্যে মোচা ও পরিমাণ মত জল দিয়ে একটি সিটি দিয়ে নামিয়ে নিন। ঠান্ডা হয়ে যাবার পর সেদ্ধ মোচার মধ্যে পরিমাণমতো নুন, হলুদ, মিষ্টি ও দু চামচ নারকেল কোরা দিয়ে ভাল করে মিশিয়ে নিয়ে বেশ করে চটকে রাখুন। এবার চিংড়ি মাছ গুলো ভালো করে ধুয়ে নুন, হলুদ মাখিয়ে ভেঁজে নিন। একইভাবে আলু গুলো ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নুন, হলুদ মাখিয়ে ভেঁজে নিন।

এবার একটি পাত্রে কাঁচালঙ্কা ও আদার পেস্ট তৈরি করে তারমধ্যে পরিমাণ মতো নুন, হলুদ ও ১/২ চামচ জিরের গুঁড়ো দিয়ে মশলা তৈরি করে নিন। কুচানো নারকেল গুলো তেলে হালকা করে ভেজে নিন। এবার কড়াইতে তেল গরম করে দারচিনি, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা সাদা জিরে, গোটা ধনে ও অল্প হিং ফোরণ দিয়ে দিন।

তেলে ফোরণ ভাল করে ভেজে তৈরি করে রাখা মসলা দিয়ে দিন। মসলা কোষে তেল ছেড়ে গেলে তার মধ্যে এক এক করে ভেঁজে রাখা আলু, চিংড়ি মাছ ও ভাজা নারকেল দিয়ে মসলার মধ্যে কষিয়ে সেদ্ধ করে রাখা মোচা দিয়ে দিন। এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে বেশ করে কষাতে থাকুন। এই সময় নুন চেখে দেখে নিয়ে স্বাদ অনুযায়ী নুন, মিষ্টি ছড়িয়ে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণটি কোষে মাখা মাখা হয়ে এলে হাফ চামচ ঘি ও গরম মসলা ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিন। তৈরি হয়ে গেল নারকেল, চিংড়ি মাছ সহযোগে মোচার ঘন্ট ।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google