প্রথমবারের জন্য আইএসএল জয়ের দোরগোড়ায় ইস্টবেঙ্গল, তবু অনিশ্চিত ইমামির ভবিষ্যৎ!

আইএসএলের ইতিহাসে এ বারই প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে (East Bengal FC)। ১৭ মে ডার্বিতে Mohun Bagan Super Giant-কে হারাতে পারলেই বহু প্রতীক্ষিত আইএসএল ট্রফি উঠতে পারে ...

By Sayan Sengupta

Published:

Follow Us
east-bengal-isl-title-emami-group-future

আইএসএলের ইতিহাসে এ বারই প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে (East Bengal FC)। ১৭ মে ডার্বিতে Mohun Bagan Super Giant-কে হারাতে পারলেই বহু প্রতীক্ষিত আইএসএল ট্রফি উঠতে পারে লাল-হলুদের ঘরে। কিন্তু মাঠের এই সম্ভাব্য সাফল্যের মাঝেও ক্লাবের ভবিষ্যৎ ঘিরে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। সবচেয়ে বড় প্রশ্ন, আগামী মরশুমেও কি ইনভেস্টর হিসেবে থাকবে Emami Group?

ময়দানের অন্দরের খবর বলছে, সেই সম্ভাবনা খুবই কম। যদিও সংস্থার কর্ণধার আদিত্য আগরওয়াল এখনও প্রকাশ্যে চূড়ান্ত কিছু বলতে চাননি। তাঁর বক্তব্য, বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিক ভাবে কোনও সিদ্ধান্ত হয়নি। কিন্তু বাস্তবে পরিস্থিতি অনেকটাই অন্যরকম। গত কয়েক বছরে দল গড়তে বিপুল অঙ্কের অর্থ খরচ করেছে ইমামি। ক্লাব সূত্রের খবর, নির্ধারিত বাজেটের থেকেও বেশি টাকা খরচ হয়েছে ফুটবল টিম চালাতে। অথচ ফুটবল কোনও ভাবেই ইমামির মূল ব্যবসা নয়।

   

আরও দেখুনঃ টুটু বসুকে সম্মান জানিয়ে বিশেষ পোস্ট সনি নর্দে থেকে শুরু করে ডগলাস সিলভাদের

ফলে প্রতি মরশুমে এত বড় বিনিয়োগ দীর্ঘমেয়াদে চালিয়ে যাওয়া সংস্থার পক্ষে কঠিন হয়ে উঠছে। শুধু আর্থিক চাপই নয়, ভারতীয় ফুটবলের সামগ্রিক অনিশ্চয়তাও ইমামির আগ্রহ কমিয়ে দিয়েছে। আইএসএলের ভবিষ্যৎ কাঠামো, পরের মরশুমের ক্যালেন্ডার কিংবা প্রতিযোগিতার রূপরেখা কোনও কিছুই এখনও স্পষ্ট নয়। এই অনিশ্চয়তা বড় কর্পোরেট সংস্থাগুলিকে স্বাভাবিক ভাবেই চিন্তায় ফেলছে। ফুটবলারদেরও নাকি বিকল্প পরিকল্পনা ভেবে রাখতে বলা হয়েছে। এমনকি কোচ Óscar Bruzón নিজেও ইঙ্গিত দিয়েছেন যে তিনি আগামী মরশুমে থাকবেন না।

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তা হলে ভবিষ্যতে ইস্টবেঙ্গলের পথ কোন দিকে? অতীতেও আর্থিক সমস্যার মুখে পড়েছিল ক্লাব। তখন রাজনৈতিক স্তরে উদ্যোগ নিয়ে নতুন ইনভেস্টর আনা হয়েছিল। সেই ভাবেই ইমামির আগমন ঘটে লাল-হলুদে। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। ফলে আবার নতুন স্পনসর বা বিনিয়োগকারী খুঁজতে হতে পারে ক্লাবকে।

ক্লাব কর্তারা যেমন চেষ্টা চালাচ্ছেন, তেমনই নতুন সরকারের দিকেও তাকিয়ে রয়েছে সমর্থকরা। তবে ফুটবলে শেষ কথা বলে কিছু হয় না। ১৭ মে যদি ডার্বিতে ঐতিহাসিক জয় আসে এবং আইএসএল ট্রফি প্রথমবারের জন্য ইস্টবেঙ্গলের হাতে ওঠে, তা হলে আবেগের ঢেউ অনেক সমীকরণ বদলে দিতে পারে। সমর্থকদের উন্মাদনা, ক্লাবের জনপ্রিয়তা এবং সম্ভাব্য বাণিজ্যিক সাফল্য নতুন করে ভাবতে বাধ্য করতে পারে ইমামিকেও। তাই ডার্বির ফল শুধু ট্রফি নির্ধারণ করবে না, নির্ধারণ করতে পারে ইস্টবেঙ্গলের আগামী দিনের ভবিষ্যৎও।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google