এই সপ্তাহেও দেশের সোনার বাজারে নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। টানা কয়েকদিনের দরপতনের ফলে সাপ্তাহিক ভিত্তিতে সোনা (Gold Price) ও রুপো উভয় ধাতুর দামেই উল্লেখযোগ্য হ্রাস দেখা গেছে। বিশেষ করে ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার ক্ষেত্রে বড়সড় পতন লক্ষ্য করা গেছে, যা বিনিয়োগকারী থেকে শুরু করে সাধারণ ক্রেতা সবার মধ্যেই আলোচনার বিষয় হয়ে উঠেছে।
বাজার সূত্রের তথ্য অনুযায়ী, এই সপ্তাহে ২৪ ক্যারেট সোনার দাম (Gold Price)প্রায় ১,৭৪০ টাকা কমেছে। একই সময়ে ২২ ক্যারেট সোনার দামও প্রায় ১,৬০০ টাকা হ্রাস পেয়েছে। ফলে সোনার বাজারে এক ধরনের সংশোধনমূলক ধারা দেখা যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দীর্ঘ সময় ধরে উর্ধ্বমুখী প্রবণতার পর এই পতন অনেকের কাছেই কিছুটা স্বস্তির খবর হিসেবে দেখা দিচ্ছে, বিশেষ করে যারা বিয়ের মরশুম বা বিনিয়োগের জন্য সোনা কিনতে চাইছেন। বর্তমান দামের দিকে তাকালে দেখা যায়, ২৬ এপ্রিল রাজধানী দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৫৪,১৯০ টাকা। একই সময়ে মুম্বইতে এই দাম দাঁড়িয়েছে প্রতি ১০ গ্রামে ১,৫৪,০৪০ টাকা। এর আগের দিন অর্থাৎ ২৪ এপ্রিল, দিল্লির বুলিয়ন বাজারে সোনার দাম আরও কিছুটা কমে প্রতি ১০ গ্রামে ১,৫৫,৯০০ টাকায় নেমে আসে, যেখানে একদিনে প্রায় ২০০ টাকার পতন লক্ষ্য করা যায়।




















