মুম্বই: জনপ্রিয় এমপিভি Toyota Innova Hycross-এর ফেসলিফ্ট সংস্করণের পরীক্ষামূলক চলাচল শুরু করেছে টয়োটা কির্লোস্কার মোটর। ভারতে প্রথমবার ক্যামেরাবন্দি হয়েছে নতুন মডেলটি। যদিও আনুষ্ঠানিকভাবে গাড়িটি বাজারে আসতে এখনও সময় রয়েছে, তবুও স্পাই ছবিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালে নতুন Innova Hycross Facelift বাজারে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
সামনে বদলাবে ডিজাইন
স্পাই ছবিতে দেখা গিয়েছে, নতুন Innova Hycross-এর সামনের অংশে বড় পরিবর্তন আসছে। গাড়িতে থাকতে পারে আরও চৌকো আকৃতির নতুন গ্রিল, যার সঙ্গে থাকবে আগের তুলনায় আরও সরু LED হেডল্যাম্প। নতুন প্রজেক্টর ইউনিটও যুক্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি সামনের বাম্পারের নকশাতেও পরিবর্তনের ইঙ্গিত মিলেছে।
Also Read | E20 জ্বালানিতে বিমা বাতিল হবে না, বিভ্রান্তি দূর করল কেন্দ্র
পাশে বড় পরিবর্তন নয়
সাইড প্রোফাইলে বর্তমান মডেলের মতোই ডিজাইন বজায় রাখা হয়েছে। হুইল আর্চের ক্ল্যাডিং অপরিবর্তিত রয়েছে। তবে বাজারে আসার সময় নতুন ডিজাইনের ১৮ ইঞ্চির অ্যালয় হুইল দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে।
পিছনেও থাকবে নতুন ছোঁয়া
গাড়ির পিছনের অংশে আপডেটেড LED টেলল্যাম্প ডিজাইন দেখা যেতে পারে। এছাড়া রুফ-মাউন্টেড স্পয়লার, শার্ক-ফিন অ্যান্টেনা এবং রিয়ার ওয়াইপার আগের মতোই থাকবে। নতুন স্কাফ প্লেট এবং কিছু কসমেটিক পরিবর্তনও যুক্ত হতে পারে।
কেবিনে আসতে পারে আরও আধুনিক ফিচার
অভ্যন্তরের ছবি এখনও সামনে আসেনি। তবে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, কেবিনে নতুন আপহোলস্ট্রি ও উন্নত মানের ট্রিম ব্যবহার করা হবে।
সম্ভাব্য ফিচারের তালিকায় থাকতে পারে:
• বড় ফ্রি-স্ট্যান্ডিং টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম
• সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার
• ডুয়াল-জোন ক্লাইমেট কন্ট্রোল
• ভেন্টিলেটেড সামনের সিট
• ওয়্যারলেস চার্জার
• প্যানোরামিক সানরুফ
• পাওয়ার অ্যাডজাস্টেবল ফ্রন্ট সিট
• একাধিক কানেক্টেড কার ফিচার
Also Read | Auto India: কিয়া সনেট না সিট্রোয়েন সি৩, ১০ লাখে কোন গাড়ি সেরা
ইঞ্জিনে বড় পরিবর্তনের সম্ভাবনা কম
যান্ত্রিক দিক থেকে বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। বর্তমানের দুটি ইঞ্জিন বিকল্পই বজায় থাকতে পারে।
• ২.০ লিটার পেট্রোল ইঞ্জিন, যা সর্বোচ্চ ১৭৩ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করে এবং CVT অটোমেটিক গিয়ারবক্স-এর সঙ্গে আসে।
• ২.০ লিটার পেট্রোল-হাইব্রিড ইঞ্জিন, যা ১৮৪ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করে এবং e-CVT ট্রান্সমিশন-এর সঙ্গে যুক্ত।
কবে আসবে?
টয়োটা এখনও Innova Hycross Facelift-এর লঞ্চের সময়সূচি বা দাম সম্পর্কে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি। তবে পরীক্ষামূলক চলাচল শুরু হওয়ায় আগামী কয়েক মাসে আরও তথ্য সামনে আসতে পারে। বর্তমানে পাওয়া তথ্য অনুযায়ী, ২০২৭ সালে ভারতের বাজারে নতুন Innova Hycross Facelift আত্মপ্রকাশ করতে পারে।





