অষ্টম বেতন কমিশন: ২.১০ ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে তুঙ্গে জল্পনা! কতটা বাড়বে বেতন?

নয়াদিল্লি: অষ্টম বেতন কমিশনের কাজ যত এগোচ্ছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মধ্যে ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে আলোচনা ততই জোরদার হচ্ছে। বিভিন্ন কর্মচারী সংগঠন ইতিমধ্যেই ৩-এর…

8th Pay Commission fitment factor

নয়াদিল্লি: অষ্টম বেতন কমিশনের কাজ যত এগোচ্ছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মধ্যে ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে আলোচনা ততই জোরদার হচ্ছে। বিভিন্ন কর্মচারী সংগঠন ইতিমধ্যেই ৩-এর বেশি ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি জানিয়েছে। কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সরকারি কর্মচারীদের অন্দরে ২.১০ ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে জল্পনা তুঙ্গে। প্রশ্ন উঠছে, কেন এই নির্দিষ্ট সংখ্যাটি নিয়ে এত চর্চা এবং এটি বাস্তবায়িত হলে ঠিক কতটা বাড়বে বেতন? (8th pay commission 2.10 fitment factor)

কেন ২.১০ ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে চর্চা?

সম্প্রতি ২২ ও ২৩ জুন লখনউতে অষ্টম বেতন কমিশনের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের পরেই এই ২.১০ ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে আলোচনা শুরু হয়। যদিও কর্মচারী সংগঠনগুলি অনেক বেশি ফ্যাক্টরের দাবি জানিয়েছে। যেমন, ভারতীয় প্রতিরক্ষা মজদুর সংঘ (BPMS) ৪.০ এবং ন্যাশনাল কাউন্সিল (JCM) স্টাফ সাইড ও অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়িজ ফেডারেশন (AIDEF) ৩.৮৩৩ ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি করেছে।

   

তবে, অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়িজ ফেডারেশনের (AINPS) জাতীয় সভাপতি ডঃ মনজিৎ সিং প্যাটেল একটি নতুন যুক্তি সামনে এনেছেন। তিনি জানান, ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত প্রযোজ্য মহার্ঘ ভাতা (DA), বাড়ি ভাড়া ভাতা (HRA) এবং পরিবহণ ভাতা (TA) যদি হিসেবে ধরা হয়, তবে কোনও ‘গ্রোথ কম্পোনেন্ট’ ছাড়াই ফিটমেন্ট ফ্যাক্টর ২.১০-এ গিয়ে দাঁড়াতে পারে।

কীভাবে এল এই ২.১০-এর হিসেব?

ডঃ মনজিৎ সিং প্যাটেল একটি লেভেল ১ কর্মচারীর বেতনের ওপর ভিত্তি করে এই হিসেবটি বুঝিয়েছেন। ৩১ ডিসেম্বর, ২০২৫ অনুযায়ী একজন লেভেল ১ কর্মচারীর বেতনের কাঠামো দাঁড়ায় নিম্নরূপ-

বেসিক বেতন: ১৮,০০০ টাকা

মহার্ঘ ভাতা (DA ৫৮%): ১০,৮০০ টাকা

বাড়ি ভাড়া ভাতা (HRA ৩০%): ৫,৪০০ টাকা

যাতায়াত ভাতা (TA): ২,৮৮০ টাকা

মোট বেতন: ৩৭,০৮০ টাকা

এই হিসেব অনুযায়ী ফিটমেন্ট ফ্যাক্টর বের করতে হলে মোট বেতনকে মূল বেতন দিয়ে ভাগ করতে হবে (৩৭,০৮০ ÷ ১৮,০০০ = ২.০৬)। একে রাউন্ড ফিগার হিসেবে ধরলে তা ২.১-এর কাছাকাছি পৌঁছায়। এই ফর্মুলা মেনেই লেভেল ১ থেকে লেভেল ১৮ পর্যন্ত সমস্ত স্তরের কর্মচারীদের বেতন বৃদ্ধির হিসেব কষা হতে পারে।

পারিবারিক এককের যুক্তিতেও সিলমোহর

ডঃ প্যাটেল আরও একটি তাৎপর্যপূর্ণ যুক্তি দিয়েছেন। তিনি জানান, ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণের ক্ষেত্রে যদি পারিবারিক ইউনিটের সংখ্যা ৩ থেকে বাড়িয়ে ৪.৪ করার সুপারিশ সরকার মেনে নেয়, তাহলেও কোনও গ্রোথ ফ্যাক্টর ছাড়া ফিটমেন্ট ফ্যাক্টর স্বাভাবিকভাবেই ২.০৫-এ পৌঁছে যাবে।

কবে কার্যকর হবে অষ্টম বেতন কমিশন?

নিয়ম অনুযায়ী, প্রতি ১০ বছর অন্তর নতুন বেতন কমিশন কার্যকর হয়। এর আগে ২০১৬ সালে সপ্তম বেতন কমিশন কার্যকর হয়েছিল। সেই হিসেবে, ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার কথা। যদিও এখনও পর্যন্ত সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি, তবে ফিটমেন্ট ফ্যাক্টরের এই সম্ভাব্য হিসেব সরকারি কর্মীদের মধ্যে নতুন করে আশার আলো জুগিয়েছে।