পূর্ব মেদিনীপুর: ভগবানপুর বিধানসভা কেন্দ্রে ফের রাজনৈতিক হিংসার অভিযোগ উঠেছে। (Bhagabanpur)তৃণমূলের হামলায় দুই বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর, লুটপাট ও মারধরের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযোগের প্রতিবাদে আড়গোয়াল ব্রিজের উপর বিজেপি প্রার্থী শান্তনু প্রামানিকসহ দলীয় কর্মী-সমর্থকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন।ঘটনাটি ঘটেছে ভগবানপুর বিধানসভা কেন্দ্রের আড়গোয়াল অঞ্চলের সাতসত মাল এলাকায়, ১৭৩ নং বুথে।
বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের হার্মাদ বাহিনী রাতের অন্ধকারে হামলা চালিয়ে সেক মুজিবুর রহমান আলী ও সেক রেওয়াজ উদ্দিনের বাড়িতে ভাঙচুর চালায়। ঘরের দরজা-জানালা ভেঙে ফেলা হয়, আসবাবপত্র লুটপাট করা হয় এবং দুই কর্মীকে বেধড়ক মারধর করা হয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।বিজেপি কর্মীরা জানিয়েছেন, এই হামলা পূর্বপরিকল্পিত। নির্বাচন যত এগিয়ে আসছে, তৃণমূলের সন্ত্রাস বেড়ে চলেছে।
আরও দেখুনঃ ৫০০ কিমির পাল্লার ভারতের ‘কিলার ড্রোন’ দিব্যাস্ত্র এমকে১ প্রস্তুত
শেখ মুজিবুর রহমান আলী বলেন, “আমরা শুধু বিজেপির কর্মী। তাই আমাদের ওপর হামলা চালানো হয়েছে। ঘরের সবকিছু ভেঙে তছনছ করে দিয়েছে। পরিবারের মহিলাদেরও ভয় দেখানো হয়েছে।” তাঁর স্ত্রী কান্নায় ভেঙে পড়ে বলেন, “রাতে হঠাৎ করে ১৫-২০ জন লোক এসে ঢুকে পড়ে। চিৎকার করে সব ভাঙতে থাকে। আমরা প্রাণ বাঁচাতে পালিয়ে যাই।”এই ঘটনার প্রতিবাদে বিজেপি প্রার্থী শান্তনু প্রামানিক নিজে আড়গোয়াল ব্রিজের উপর বসে পথ অবরোধ করেন।
তাঁর সঙ্গে ছিলেন শতাধিক কর্মী-সমর্থক। ব্রিজের দু’পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। শান্তনু প্রামানিক বলেন, “তৃণমূলের সন্ত্রাসবাদীদের আর সহ্য করা হবে না। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে। পুলিশ যদি নিরপেক্ষভাবে কাজ না করে, তাহলে আমরা আরও বড় আন্দোলনে নামব।” তিনি আরও অভিযোগ করেন, “ভগবানপুরে তৃণমূলের দাপট চলছে।
বিজেপি কর্মীদের বাড়িতে হামলা, মারধর, ভয় দেখানো এসব নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় রয়েছে।”ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে বিজেপি কর্মীরা তাদের ঘিরে ধরে স্লোগান দিতে থাকেন। পুলিশের এক কর্মকর্তা জানান, অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে। তবে এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। স্থানীয় থানায় এজাহার দায়ের করা হয়েছে বলে জানা গেছে।




















