চিনের নিংবোতে আয়োজিত এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে চিনের শি ইউ কি-র কাছে হার স্বীকার করতে হল ভারতের আয়ুষ শেট্টিকে (Ayush Shetty)। বিশ্বের ২ নম্বর তারকা শি ইউ কি ৮-২১, ১০-২১ পয়েন্টে একচ্ছত্র দাপট দেখিয়ে জয়লাভ করে সোনা জিতে নেন। আর ভারতের তরুণ শাটলার আয়ুষ শেট্টির গলায় ঝুলল রুপোর মেডেল।
প্রথম রাউন্ডে লি শি ফেং, কোয়ার্টার ফাইনালে জনাথন ক্রিস্টি এবং সেমিফাইনালে বিশ্বের ১ নম্বর কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন ২০ বছর বয়সী আয়ুষ। রবিবার অনুষ্ঠিত ফাইনালে অভিজ্ঞ শি ইউ কি-র কাছে বশ মানেন। এদিন প্রথম সেট থেকেই খেলা নিজের নিয়ন্ত্রণে রাখেন চিনের শি ইউ কি। ছন্দে ছিলেন না আয়ুষ। ফার্স্ট সেটেই স্কোর লাইন ২১-৮।
এরপর দ্বিতীয় সেটে একটু ঘুরে দাঁড়ায় ভারতের এই শাটলার। ৪-১, ৭-২—লিড নেয়। কিন্তু তাড়াহুড়ো করেননি শি ইউ কি। নিজের অভিজ্ঞতাকে কাজে লাগান এবং ৫-৬ পয়েন্ট টানা ছিনিয়ে ফের খেলা নিজের দিকে ঘুরিয়ে নেন চিনের তারকা শাটলার। উল্টোদিকে চটজলদিতে বারবার ভুল সিদ্ধান্ত নেন তরুণ আয়ুষ।
অবশেষে স্কোর লাইন ২১-১০ এ শিরোপা জয় করলেন চীনা শাটলার শি ইউ কি।
১৯৬৫ সালে ভারতীয় শাটলার দীনেশ খান্না প্রথমবার এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিলেন। আর দেশের জন্য জয় করেছিলেন সোনা। তার ঠিক ৬১ বছর পর এত বড় মঞ্চে পা রাখলেন ভারতের কোনো পুরুষ শাটলার। সোনা হয় তো পাননি, তবে অর্জন করেছেন রুপো। আর ভারতের ব্যাডমিন্টন ইতিহাসে রচনা করলেন নতুন কাহিনী।




















