সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত ১৬ই এপ্রিল সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে নেমেছিল ইস্টবেঙ্গল। তিনবার পিছিয়ে থাকতে হলেও সময় এগোনোর সাথে সাথেই ইস্টবেঙ্গল ম্যাচে ফিরেছিল বারংবার। এমনকি পরবর্তীতে দশজনে হয়ে যাওয়ার পরে ও অনবদ্য লড়াই করে কলকাতা ময়দানের এই প্রধান। শেষ পর্যন্ত অ্যান্টন সোজবার্গের গোলে হেরে যাওয়া ম্যাচ থেকে এক পয়েন্ট ছিনিয়ে নেয় অস্কার ব্রজোর ছেলেরা। যা নিঃসন্দেহে মন জয় করেছে সকল সমর্থকদের। এবার আগামী ২৮শে এপ্রিল পরবর্তী ম্যাচে নামবে মশাল ব্রিগেড।
আরও পড়ুন: শিরোপার আশা বাঁচাতে চেন্নাইয়িনের বিরুদ্ধে মরিয়া জামশেদপুর এফসি
গোয়ার জওহরলাল নেহরু ফতোরদা স্টেডিয়ামে তাদের লড়াই করতে হবে থেক্কাথারা পুরুষোত্তমের ওডিশা এফসির বিপক্ষে। খাতায় কলমে প্রতিপক্ষ দলের তুলনায় কিছুটা এগিয়ে থাকলেও ওডিশা দলকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন ইস্টবেঙ্গল কোচ। এছাড়াও গত ম্যাচে গোল পাওয়ার পর এই ম্যাচ নিয়ে যথেষ্ট মুখিয়ে লাল-হলুদের ড্যানিশ ফুটবলার অ্যান্টন সোজবার্গ। ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, ‘ আমাদের কাছে এখন সবকটা ম্যাচই গুরুত্বপূর্ণ। ওডিশা এফসি প্রত্যেকটা ম্যাচই লড়াই করছে ওদের ও জেতার চেষ্টা থাকবে। আমি আমার সেরা পারফরম্যান্স দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি।’
আরও পড়ুন: East Bengal: ওডিশা ম্যাচের আগে কী বললেন অস্কার ব্রুজো?
আরও বলেন, ‘ দলের সঙ্গে মানিয়ে নিতে পেরেছি। তবে মিগুয়েলের মতো দাপুটে ফুটবলার না থাকা নিঃসন্দেহে চাপের। এক্ষেত্রে আমাদের আরও সাবধানতা অবলম্বন করে খেলতে হবে। না হলেও ফের সমস্যা বাড়বে। আমরা তিন পয়েন্টের জন্যই লড়াই করবো।’ উল্লেখ্য, আগের থেকে অনেকটাই চনমনে মেজাজে এখন রয়েছেন মাঝমাঠের তারকা ফুটবলার মহম্মদ রশিদ। যেটা কিছুটা হলেও ভরসা দেবে সকলকে।




















